থরে থরে সাজানো ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাশগঞ্জের ঢাকা কেন্দ্র গ্রন্থাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম
ফরাশগঞ্জের ঢাকা কেন্দ্র গ্রন্থাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ মাওলা লিখেছেন, ‘এক দুর্লভ এবং ব্যতিক্রমধর্মী সংগ্রহশালা দেখে অভিভূত হলাম।’
পুরান ঢাকার ঢালকানগর লেনের বাসিন্দা, নির্মাতা সালাহউদ্দিন মিঠুর মন্তব্য, ‘আমি গর্ববোধ করছি ঢাকা কেন্দ্র নিয়ে।’ এমনিভাবে পাঠকদের ভালো লাগা আর সন্তুষ্টিতে ভরে উঠেছে ঢাকা কেন্দ্রের ‘ভিজিটর বুক’-এর পাতা।
পারিবারিক অর্থে পরিচালিত একটি অনুপম গ্রন্থাগার ‘ঢাকা কেন্দ্র’। ঠিকানা পুরান ঢাকার ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেন।
মাওলা বখশ্ সরদার পুরান ঢাকার এক উজ্জ্বল নাম। ২২ পঞ্চায়েতের অন্যতম সরদার ছিলেন তিনি। মাওলা বখশ্ প্রয়াত হলে ছেলে মোহাম্মদ আজিম বখশ্ বাবার নামে ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের পাঁচ উদ্যোগের মধ্যে ঢাকা কেন্দ্র একটি। যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এ উদ্যোগে আজিম বখশের সঙ্গে ছিলেন অধুনালুপ্ত দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ফওজুল করিম (তারা ভাই), যিনি ২০০৪-এর পয়লা অক্টোবর প্রয়াত হন।
সম্প্রতি শ্যামবাজারের মসলাপাতির ঘ্রাণ শুঁকতে শুঁকতে পৌঁছে যাই ঢাকা কেন্দ্রে। অদূরে সদরঘাট, বুড়িগঙ্গা নদী। বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাবাজারও নিকটবর্তী। সরু রাস্তা, মালটানা গাড়ি, লোকজনের ব্যস্ততা আর যানজটে থেমে থাকা জীবন। পুরান ঢাকার চেনা পরিবেশ।
লোহার সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই হাত বাড়িয়ে দিলেন আজিম বখশ্। প্রাণখোলা, হাসিখুশি মানুষ। কথায় কথায় বেরিয়ে এল অনেক কথা। তাঁর ভাষ্য, ঢাকার অতীত অনুসন্ধানের প্রয়াস যে হয়নি, তা নয়। তবে তা নিরেট গবেষক আর পণ্ডিতমহলেই সীমাবদ্ধ। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ঢাকাকে জানার আগ্রহ বিরাজমান। সে কথা ভেবেই ঢাকা কেন্দ্রের প্রতিষ্ঠা।
আজিম বখশ্ জোরের সঙ্গেই বললেন, ‘ঢাকা নিয়ে গবেষকদের যেকোনো চাহিদা আমরা মেটাতে পারব। আমরা সব সময় লেখক-গবেষক-পাঠকদের স্বাগত জানাই। ঢাকার ওপরে যখন যেখানে যা পাই, সবই সংগ্রহ করে নিয়ে আসি।’
ঢাকা কেন্দ্র দাঁড়িয়ে আছে ট্রাস্টের নিজস্ব জমিতে। এখানে আছে একত্রে প্রায় ৪০ জন পাঠকের পাঠযোগ্য সুপরিসর পাঠকক্ষ, একটি কার্যালয়, গ্রন্থ বিক্রয়কেন্দ্র ও প্রদর্শনী কক্ষ। প্রতিষ্ঠানটির শোভা বাড়িয়েছে সুদৃশ্য বাগান, যেখানে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য। রয়েছে একটি ক্যাফেটেরিয়া।
বইয়ের সংখ্যা প্রায় সাত হাজার। ঘুরে দেখা গেল, গ্রন্থাগারের বইগুলো আছে পরিপাটি অবস্থায়। দৈনিক পত্রিকা রাখা হয় আটটি, সাময়িকী পাঁচটি। অভাব নেই কোনো কিছুর।
গ্রন্থাগার খোলে বিকেল চারটায়। পর্দা নামে সন্ধ্যা সাতটায়। শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা। বৃহস্পতিবার ছুটি। তবে কোনো গবেষক চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে কাজ করার সুযোগ আছে।
এই গ্রন্থাগারের বইপত্রের একটি বড় অংশই ঢাকাকে নিয়ে। কী নেই এখানে! কয়েকটি বইয়ের কথা উল্লেখ করতেই হয়। আবদুল করিমের ঢাকাই মসলিন, আবু যোহা নূর আহমদের উনিশ শতকের ঢাকার সমাজজীবন, কেদারনাথ মজুমদারের ঢাকার বিবরণ ও ঢাকা ব্রাহ্ম সমাজের ইতিহাস, নাজির হোসেনের কিংবদন্তীর ঢাকা, নির্মল গুপ্তের ঢাকার কথা, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস, রফিকুল ইসলামের ঢাকার কথা, সত্যেন সেনের শহরের ইতিকথা, হরিদাস বসুর ঢাকার কথা। অধ্যাপক মুনতাসীর মামুনের লেখা ঢাকার ওপর সবই মিলবে এখানে।
ঢাকার নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্যাট্রিক গেডেস বই লিখেছিলেন ১৯১৭ সালে, ঢাকা: আ স্টাডি ইন আরবান হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। ইংরেজি ভাষায় লেখা ভারতীয় ও ব্রিটিশ লেখকদের আরও অনেক দুর্লভ বইয়ের বিরাট সংগ্রহশালা এই ঢাকা কেন্দ্র।
আজিম বখশ্ তাঁর গুলশানের বাড়ি থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে চলে আসেন ঢাকা কেন্দ্রে। দুপুর পর্যন্ত থাকেন। গ্রন্থাগার ছাড়াও ট্রাস্টের অন্য কাজগুলোও তদারক করতে হয় তাঁকে। এত আয়োজনের পরেও পাঠকের সংখ্যা কম বলে কিছুটা হতাশা ঝরে পড়ল তাঁর কণ্ঠে। তাঁর মতে, ফরাশগঞ্জের যাঁরা স্থানীয় বাসিন্দা, তাঁদের ছেলেমেয়েদের মধ্যে পাঠাগারমুখী হওয়ার আগ্রহ কম। পাশেই আছে কবি নজরুল সরকারি কলেজের একটি ছাত্রাবাস, সেখানকার ছেলেরা আসে। পাঠক বলতে এই।
আজিম বখশ্ বলছিলেন, ‘ঢাকার সবচেয়ে পুরোনো এলাকা ফরাশগঞ্জ। তখনকার দিনে ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছিল এখানে। লঞ্চঘাট, নাট্যমঞ্চ, গানের দল, পাঠাগার, খেলার দল—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ থাকত। সেই দিন তো আর ফিরিয়ে আনা যাবে না। তবু বর্তমান মানুষের কাছে সেই দিনগুলোর বার্তা পৌঁছে দিতে চাই আমরা।’