‘থলের বিড়াল বেরিয়ে যাবে’—এ ভয়ে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার আত্মীয়স্বজনের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত না থাকলে কেন ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবস্থা নিলে থলের বিড়াল বেরিয়ে যাবে।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব বিষয় তদন্ত হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে টেলিফোন নম্বর না দিয়ে নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির প্রবীণ এই নেতা। বিএনপির কয়েকজন কারামুক্ত নেতার সংবর্ধনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন।