থাই প্রধানমন্ত্রীর বাড়িতেও বন্যার পানি!
সুইডেন সরকারের আমন্ত্রণে স্টকহোম যাব। ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অপেক্ষা করছি। আগে এই বিমানবন্দর দিনরাত গমগম করত, এখন একেবারে সুনসান। বন্যার কারণে লোকজন তেমন আসছে না। পাশে বসে দুই তরুণীর আলোচনা কানে এল। তাঁরা বলছেন, বন্যার পানি কমে যাচ্ছে। তবে থাই প্রধানমন্ত্রীর বাড়ির চারপাশে এখনো পানি। জিজ্ঞেস করলাম, ‘শুনিনি তো!’ ওরা জোর দিয়ে বলল, ‘এক শ ভাগ সত্য, রেডিওতে শুনেছি।’ওঁরা কম্বোডিয়া থেকে ইথিওপিয়ায় যাচ্ছেন। চিকিৎসক। কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করেন। সফোয়ান ও মেরি। যাচ্ছেন কম্বোডিয়ায় পুষ্টি বিষয়ে এক সম্মেলনে। কয়েক মাস আগে সফোয়ান ঢাকায়ও এসেছিলেন, নারী-শিশু স্বাস্থ্য ও পুষ্টি সম্মেলনে। বললেন, কম্বোডিয়ায়ও বন্যা হয়েছে। তবে খুব বেশি না।বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় ব্যাংকক পোস্ট পত্রিকার প্রতিবেদক ও আলোকচিত্রীরা তাঁদের পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর ছোট ছোট তাঁবু খাটিয়ে অস্থায়ীভাবে থাকা শুরু করেছেন। পত্রিকায় এর চমৎকার ছবি বেশ বড় করে ছাপানো হয়েছে।ব্যাংককের দি নেশন পত্রিকা লিখেছে, বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী আপিসিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করেছেন। তাঁর অভিযোগ, সরকার বন্যা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সফোয়ান বললেন, ‘আমি এটা সমর্থন করি না। বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, প্রধানমন্ত্রী আর কতটা সামাল দেবেন।’ বন্যা নিয়ে সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা।কোনো কোনো এলাকায় পানি কমলেও ব্যাংকক নগরের আরও অনেক এলাকা নতুন করে বন্যাকবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্যোগপ্রবণ এলাকার তালিকায় আরও ৩০টি অঞ্চল যোগ হয়েছে। এ পর্যন্ত বন্যায় ৫০০ জনের বেশি লোকের মৃত্যু ও কয়েক শ কোটি বাথ ক্ষতি হয়েছে বলে এক হিসাবে জানানো হয়েছে। থাইল্যান্ডের সর্বস্তরের মানুষ ত্রাণ তৎপরতায় যোগ দিয়েছে।ইন্দোনেশিয়ার বালিতে আগামী সপ্তাহে আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে। ইতিমধ্যে বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে গবেষকেরা কাজ করছেন। চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থানাওয়াতের দাবি, এ ব্যাপারে একটি সার্বিক গবেষণা তিনি ১৯৯৯ সালেই সম্পন্ন করেছেন। তিনি ‘সুপার এক্সপ্রেস ফ্লাড ওয়েইজ’, বন্যা-কর আরোপ ও ব্যাংকক উপশহর তৈরির সুপারিশ করেছেন। মূল কথা হলো, নদী-নালা, জলাশয় ভরাট করা যাবে না। এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে এবার থাইল্যান্ডসহ অন্যান্য এলাকায় ধান উৎপাদন কমে যেতে পারে। তবে এফএওর হিসাব অনুযায়ী, এ বছর মোট ধানের উৎপাদন আগের অনুমিত হিসাবের চেয়েও বেশি হবে। এর মূল কারণ, বাংলাদেশ, ভারত প্রভৃতি দেশে ধানের উৎপাদন বেড়েছে (সূত্র: দি নেশন, থাইল্যান্ড)।