থাই ভিসা পেতে দীর্ঘসূত্রতা, বাংলাদেশের উদ্বেগ
থাইল্যান্ডের ভিসা পেতে দীর্ঘসূত্রতার কারণে থাইল্যান্ড সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসাসংক্রান্ত বিষয়ক কর্মকর্তা সুভাত ছিরাপেন্টের সঙ্গে সাক্ষাৎ করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এ উদ্বেগের কথা জানান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভিসা পেতে দীর্ঘসূত্রতার সুনির্দিষ্ট কয়েকটি ঘটনা থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার কাছে তুলে ধরা হয়েছে। একটি ঘটনায় দেখা গেছে, একজন বাংলাদেশি ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ৫০ দিন পর তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়। এই পুরোটা সময় তাঁর পাসপোর্ট থাইল্যান্ডের দূতাবাস নিজের কাছে রেখে দেয়। আরেকটি ঘটনায় দেখা গেছে, একজন চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। তিনি ভিসা পেলেও তাঁর স্ত্রী পাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগে ভিসা পেতে তিন চার দিনের বেশি সময় লাগত না। কিন্তু গত বছরের নভেম্বর মাসের পর থেকে ৩০ থেকে ৫০ দিন সময় লাগছে। আবার অনেকেই এ পুরো সময়েও ভিসা পান না। এসব বিষয় শোনার পর থাইল্যান্ডের ওই কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।