থাইল্যান্ড থেকে পাওয়া ২৫০টি বুদ্ধমূর্তি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২৫০টি বুদ্ধমূর্তি গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসব মূর্তি দেশের বিভিন্ন জেলার বড় বড় বৌদ্ধবিহারে দেওয়া হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে নগরের পলোগ্রাউন্ড মাঠে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বুদ্ধজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। আজ শনিবার উৎসব শেষ হবে। গতকাল বুদ্ধমূর্তি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। থাইল্যান্ড সরকারের পক্ষে ধর্মকায়া ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক ফরাগুরুডিবেথ পয়াপ্পন অষ্টধাতুর তৈরি বুদ্ধমূর্তিগুলোর একটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।এর আগে সকালে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শ্রীলঙ্কার হাইকমিশনার সরোদ কেওয়ারি, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বক্তব্য দেন। দুই হাজার ৫৫৩তম আন্তর্জাতিক বুদ্ধজয়ন্তী উৎসব উপলক্ষে থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশন অষ্টধাতুর তৈরি ২৫০টি বুদ্ধমূর্তি দেশের বিভিন্ন জেলার বৌদ্ধবিহারে দেওয়ার জন্য বাংলাদেশকে দিয়েছে।