থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশিদের আনার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১১৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে থাই সরকারের কাছে কনস্যুলার-সুবিধা চেয়েছে বাংলাদেশ। এসব লোকজনের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম মুস্তাফা কামাল আজ রোববার তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে প্রশ্ন করা হলে তাঁর পাশে বসা মুস্তাফা কামাল থাইল্যান্ডে উদ্ধার হওয়া লোকজনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান।
ইতালির মিলানে সদ্য সমাপ্ত এশিয়া ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া লোকজনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে মাহমুদ আলী এসব লোকজনকে ‘মানব পাচারের শিকার’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, এ বছর বাংলাদেশের ৭৪০ জন লোক থাইল্যান্ডে অনুপ্রবেশ করেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল জানান, থাই কর্তৃপক্ষ সেখানকার বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, প্রথম দফায় দেশটির দক্ষিণাঞ্চল থেকে উদ্ধার হওয়া ৫৩ জনের মধ্যে ৩৮ জন নিজেদের বাংলাদেশি ও ১৫ জন মিয়ানমারের নাগরিক হিসেবে দাবি করেছেন। থাইল্যান্ডের বিভিন্ন আটক কেন্দ্রে থাকা এসব লোকজনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ ছাড়া দ্বিতীয় দফার ৮১ জনের মধ্যে ৮০ জন নিজেদের বাংলাদেশি ও অন্যজন মিয়ানমারের নাগরিক হিসেবে দাবি করেছেন। তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলার সুবিধা চেয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে থাই কর্তৃপক্ষের সাড়া পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের লোকজনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে থাইল্যান্ডের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। অতীতে এ ব্যাপারে কোনো সমস্যা হয়নি।
গতকাল শনিবার বিবিসির খবরে বলা হয়, থাইল্যান্ডের গহিন জঙ্গলের বন্দিদশা থেকে গত এক সপ্তাহে ১৭১ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাঁরা সবাই পাচারের শিকার। উন্নত চাকরির লোভ দেখিয়ে তাঁদের ওষুধ খাইয়ে ও হাত-পা বেঁধে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তবে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এঁদের ১১৮ জন বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করছেন।