থাইল্যান্ডে এআইটিতে 'বঙ্গবন্ধু চেয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ার’ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশন ও সংগ্রামী জীবন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াবে। এ চেয়ার থেকে পিএইচডি ফেলো প্রদান করা হবে। বাংলাদেশের জন্য টেকসই ও সমন্বিত স্মার্ট জ্বালানি মডেলিংয়ের ওপর গবেষণা করতে এ চেয়ার প্রণোদনা দেবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখান থেকে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে গবেষণা করা হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সর্বোত্তম জ্বালানি গ্রিড মডেলিং নির্মাণসংক্রান্ত উদ্ভাবনী গবেষণার জন্য বাংলাদেশ থেকে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এআইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সোবিন পিনকয়েন, বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক জয়াশ্রী রায় ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বক্তব্য দেন।

ইউএনবি জানায়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান–ওচার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যকার ‘প্রবেশপথ ও যোগাযোগ হাব’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি থাইল্যান্ডের রানং ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের সুযোগ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ড দীর্ঘদিনের বন্ধু। দুই দেশ বঙ্গোপসাগর ও সমুদ্রপথে পরস্পরের সঙ্গে সংযুক্ত। আমাদের উচিত বাণিজ্য সহযোগিতা, বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ আরও বাড়ানো।’