থাইল্যান্ডে গণিত অলিম্পিয়াডের পর্দা উঠছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকেন্দ্রে সকাল নয়টায় অলিম্পিয়াডের উদ্বোধন করবেন রাজকুমারী মহা ছাকরি সিনড্রোন।
বিশ্বের প্রাক্-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সবচেয়ে বড় মেধার লড়াই হলো আইএমও। এবারের আয়োজনে ১১৪টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণের কথা। এতে অংশ নিতে বাংলাদেশের ছয়জন খুদে গণিতবিদ গতকাল বুধবার এখানে পৌঁছেছে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দলের সদস্যরা হলো সিলেট এমসি কলেজের আসিফ-ই-এলাহী, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের আদিব হাসান ও সানজীদ আনোয়ার, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাজিদ আখতার, রাজধানীর নটর ডেম কলেজের সাব্বির রহমান ও বরিশাল জিলা স্কুলের এস এম নাঈমুল ইসলাম।
বিমানবন্দরে ফুল দিয়ে অংগ্রহণকারীদের বরণ করে নেওয়া হয়। পরে অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশ গণিত দলও শহরের
লোটাস হোটেলে ওঠে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০টির বেশি দেশের প্রতিযোগী এখানে এসে পৌঁছেছে। এই হোটেলেই প্রতিযোগিতার পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে।
এ নিয়ে ১১ বারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় দেশজুড়ে গণিত উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। কয়েক ধাপে আইএমওর জন্য দলের সদস্যদের নির্বাচন করা হয়।