থাইল্যান্ডে চেতনানাশক প্রয়োগে বাংলাদেশি রোটারিয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ার একটি হোটেলে কড়া চেতনানাশক দ্রব্য প্রয়োগে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। তবে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।মৃত বাংলাদেশি হচ্ছেন রোটারিয়ান মিজানুর রহমান (৫৪)। আন্তর্জাতিক রোটারি কনভেনশনে যোগ দিতে তিনিসহ তিনজন ব্যাংককে গিয়েছিলেন। ২ থেকে ৯ মে ব্যাংককে অনুষ্ঠিত কনভেনশনের পর ১০ মে তাঁরা জনপ্রিয় পর্যটননগর পাতায়ায় যান। স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, পুলিশ ও হোটেলের কর্মীরা বলেছেন, তিন বাংলাদেশি মধ্য পাতায়ার বেলা এক্সপ্রেস হোটেলে একটি বড় কক্ষ ভাড়া করেছিলেন। ১১ মে সকালে তাঁদের সাড়া না পেয়ে দরজা খুলে একজনকে মৃত ও বাকি দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।হোটেলের কর্মীরা পুলিশকে বলেছেন, তাঁদের ধারণা, বাইরের কেউ কৌশলে ওই বাংলাদেশিদের পানীয়ের সঙ্গে শক্তিশালী চেতনানাশক খাইয়েছিল। উদ্দেশ্য ছিল টাকা-পয়সা ও জিনিসপত্র লুটে নেওয়া।পাতায়া পুলিশ জানিয়েছে, কক্ষটির সবকিছুই ছিল এলোমেলো। তিন বাংলাদেশির লাগেজ বলপ্রয়োগে খোলা ছিল। কক্ষের সিন্দুকটিও ভাঙা পাওয়া গেছে।এ বিষয়ে বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, মৃত ও অসুস্থ দুজন চাঁদপুরের হাজীগঞ্জ রোটারি ক্লাবের সদস্য। অসুস্থদের মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। অন্যজনও সুস্থ হওয়ার পথে। তাঁরা এক-দুই দিনের মধ্যেই দেশে ফিরবেন।