থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২-এপিডব্লিউএস) যোগ দিতে দুদিনের সরকারি সফরে গতকাল রোববার বিকেলে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর বাসসের।এর আগে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। থাই প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা মিসেস স্যাম স্যানি এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ম্যান্ডারিন ওরিয়েন্টাল দাহরা দেবী হোটেলে নিয়ে যাওয়া হয়। দুদিনের সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। আজ চিয়াংমাইতে দুই দিনব্যাপী পানি সমস্যা নিয়ে শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।প্রধানমন্ত্রী চিয়াংমাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দেবেন। তিনি সম্মেলনের ওয়ার্কিং ব্রেকফাস্টে যোগ দেবেন।সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী আজ থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জুং হং ওন এবং আরও কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য আঞ্চলিক পানি সমস্যা সমাধানে ২০০৬ সালের মার্চে এশিয়া প্যাসিফিক ওয়াটার ফোরাম (এপিডব্লিউএফ) গঠিত হয়। এবার ফোরামের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।