কুমিল্লা সরকারি মহিলা কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ৩০ জন ছাত্রী ভর্তি বাতিল করে অন্য কলেজে চলে গেছে। অঙ্গীকারনামায় সই করেও ওই ছাত্রীদের কলেজে রাখা যায়নি। তারা সবাই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক জানান, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৮৪৫ জন ছাত্রী ভর্তি হয়। ভর্তি হওয়া ছাত্রীদের মধ্যে উভয় বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ৫০ জন। ইতিমধ্যে জিপিএ-৫ পাওয়া ৩০ জন ছাত্রী ভর্তি বাতিল করে পার্শ্ববর্তী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চলে যায়। এদিকে কলেজ সূত্রে জানা গেছে, ‘ভর্তির পর কোনোভাবেই ছাড়পত্রের জন্য আবেদন করব না’ এমন অঙ্গীকারনামায় ছাত্রীরা সই করেছিল। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. জামাল নাছের প্রথম আলোকে বলেন, ‘এখানে যে মানের ছাত্রীরা ভর্তি হয়, ওদের দিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া খুবই কঠিন ব্যাপার। কুমিল্লা শহর ও এর আশপাশের বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা প্রথমে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে। এরপর কুমিল্লা সরকারি কলেজে। ওই দুই কলেজে চান্স না পেলে আমাদের কলেজে আসে। যে কারণে ভর্তির শুরুতে এখানে ভর্তি হয়। পরে বিভিন্ন মহল থেকে তদবির করে অন্যত্র চলে যায়। এটা বন্ধ করা উচিত।’কলেজের উপাধ্যক্ষ মো. ইয়াকুব আলী জানান, এ কলেজে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছে। পড়াশোনার পরিবেশ ভালো। আবাসন ব্যবস্থাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। তবুও কলেজটি কাঙ্ক্ষিত ছাত্রী পাচ্ছে না। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক আরও বলেন, কুমিল্লার অন্য দুটি সরকারি কলেজে কোটা পদ্ধতি চালু করলে এ কলেজ মেধাবী ছাত্রী পেত। বর্তমানে যে ২০ জন জিপিএ-৫ পাওয়া ছাত্রী রয়েছে, তারাও যেকোনো সময় চলে যাওয়ার অপেক্ষায় রয়েছে।