থাকতে হবে বদ্ধ ঘরে, দেখব তবু জগৎটাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে অনলাইন ক্লাসে ভরসা। ছবি: সংগৃহীত
করোনাকালে অনলাইন ক্লাসে ভরসা। ছবি: সংগৃহীত

পৃথিবী থমকে গেছে! থমকে গেছে রাজপথ। থমকে গেছে শিশুদের কলরব। তারুণ্যমুখর কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাপিয়ে বেড়ানো মানুষকে গৃহবন্দী করেছে ক্ষুদ্রাতিক্ষুদ্র রহস্যময় ভাইরাস কোভিড-১৯। কিন্তু এত সহজেই কি হাল ছেড়ে দেবে মানুষ? প্রযুক্তির কল্যাণে গৃহগুলো এখন রূপান্তরিত হয়েছে অফিস, স্কুল বা বিশ্ববিদ্যালয়ে। কোয়ারেন্টিনে থেকেও কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে।

দীর্ঘদিনের লকডাউন ও কোয়ারেন্টিনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ই অনলাইন পদ্ধতি বেছে নিয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সাজিদ আকতার তূর্য ও আসিফ এ এলাহী এখন বাংলাদেশ থেকেই অনলাইনে তাঁদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাঁদের পাঠমূল্যায়নও অনলাইনেই করবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই রকম তথ্য পাওয়া গেল এমআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরীর কাছ থেকেও। এমআইটিতেও একই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গুগল ক্লাসের রুমের সহায়তা নিচ্ছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
গুগল ক্লাসের রুমের সহায়তা নিচ্ছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

তবে মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় রেখে তাদের গ্রেডিং সিস্টেম বদলে ‘পাস/নো রেকর্ড’ পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নো রেকর্ড পলিসিতে একজন শিক্ষার্থী কোনো কোর্সে পাস করতে না পারলে তাঁর একাডেমিক রেকর্ডে সেই কোর্সের উল্লেখ থাকবে না। ফলে সেই শিক্ষার্থীর জিপিএতে কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং প্রয়োজনে সেই শিক্ষার্থী ওই কোর্সটি পরবর্তী সময়ে রিপিট করার সুযোগ পাবেন। লকডাউন পরিস্থিতিতে উন্নত দেশগুলো তাদের স্কুলের সব কার্যক্রমই পরিচালনা করছে অনলাইন মাধ্যমে। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরা তাঁদের ও লেভেল, এ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষকদের সহায়তা নিচ্ছেন অনলাইনে। এসওএস হারম্যান মেইনার কলেজের শ্রেণিশিক্ষকেরা করোনাকালে শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙা রাখছেন অনলাইনেই।

পত্রিকা, ব্যাংক ও অন্যান্য করপোরেট খাত থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানেও ভিডিও কনফারেন্স ও জুম ক্লাউড মিটিং অ্যাপসের মাধ্যমে সভা অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে। এটুআইয়ের সুবাদে শিক্ষণ-প্রশিক্ষণসহ সরকারি বহু কার্যক্রমের মাধ্যমই এখন ভার্চ্যুয়াল। আর করোনার এই সময়ে যার সুফল মিলছে পুরোপুরি।

সাবেক ন্যাশনাল কনসালট্যান্ট (ই-লার্নিং) জিয়াউল ইসলাম লিখনের সঙ্গে কথা বলে জানা যায়, ই-লার্নিং প্রশিক্ষণের মাধ্যমে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় ঘটে। অল্প সময়ে লাখো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে, প্রচলিত ব্যাচওয়ারি সামনাসামনি প্রশিক্ষণ পদ্ধতিতে যা এক যুগেও সম্ভবপর হতো না। মুক্ত পাঠ পোর্টালের মাধ্যমে ই-লার্নিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে ইতিমধ্যে ই-লার্নিংয়ের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কিছু প্রক্রিয়া অনুসরণ করেই অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা যায়। ছবি: সংগৃহীত
কিছু প্রক্রিয়া অনুসরণ করেই অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা যায়। ছবি: সংগৃহীত

প্রাতিষ্ঠানিক বা কর্মজীবীদের প্রশিক্ষণই শুধু নয়, ঘরবন্দী সময়কে কাজে লাগাতে আগ্রহী ছাত্রছাত্রীরা নিজেরাই আয়োজন করছেন বিভিন্ন অনলাইন কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে গত ৬ এপ্রিল শুরু করেছেন ‘অনলাইন থিওরেটিক্যাল ফিজিকস ক্যাম্প’। চলমান এই ক্যাম্পে দেশে-বিদেশে অবস্থানরত একদল প্রতিষ্ঠিত শিক্ষক ও গবেষক প্রতি সপ্তাহে অনলাইন লেকচারের মাধ্যমে একটি করে নতুন বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করছেন নিয়মিতভাবে। স্বাভাবিক সময়ে যেখানে বিদেশে অবস্থানরত শিক্ষকদের সান্নিধ্য পাওয়া কঠিন, সেখানে এই অনলাইন ক্যাম্পের মাধ্যমে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের মতো বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকদের সঙ্গে বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীদের সংযোগ স্থাপিত হয়েছে।

কোভিড-১৯-এর প্রকোপে এ বছর ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াডও আয়োজন করা হয়েছে ভার্চ্যুয়ালি। এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ৫৩টি দেশের মধ্যে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজেদের মতো করে অনলাইন ফোরামে গণিতচর্চা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন চলছে অনলাইনেই। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি দিয়ে ঘরে থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ইতিহাস শেখার কার্যক্রমটা অটুট থাকুক নিরাপদেই।

এসব কার্যক্রম পরিচালনা করতে জুম ও ‘গুগল মিট’ নামক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্স অ্যাপ্লিকেশন গুগল মিটের প্রিমিয়াম ফিচারগুলো উন্মুক্ত করে দিয়েছে। জুম অ্যাপ্লিকেশনের ফ্রি ফিচার ব্যবহার করে ৪০ জন অংশগ্রহণকারীকে নিয়ে একটানা ৪০ মিনিটের ক্লাস বা মিটিং পরিচালনা করা যায়। গুগল মিট ও জুম—এই দুই অ্যাপ্লিকেশনেই আছে স্ক্রিন শেয়ার করার সুবিধা। শিক্ষক চাইলে নিজস্ব স্লাইড প্রেজেন্টেশন, এমনকি অ্যাপ্লিকেশনের হোয়াইট বোর্ড সুবিধা ব্যবহার করে ক্লাস নিতে পারেন। তবে হোয়াইট বোর্ডে লিখতে সাধারণ মানের ট্যাব ও গ্রাফিক পেন দরকার হবে।

এ ছাড়াও গুগল ক্লাসরুম, পিয়াজ্জা, মুডলের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ব্যবহার করে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, কুইজ বা পরীক্ষা পরিচালনা করা সম্ভব।

এখন বিশ্বের ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছবি: লেখক
এখন বিশ্বের ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছবি: লেখক

অন্তরীণ এই দুর্যোগকালে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সহজ কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশের অনেক শিক্ষার্থীর ইন্টারনেট ব্যবহারের পূর্ণ সুবিধা নেই। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবের ওপর নির্ভরশীল। চলমান পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা যাতে শিক্ষা কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না হয়ে পড়েন, সেটা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় টেলিকম, আইএসপি ও অন্যান্য টেক কোম্পানিগুলো এগিয়ে আসতে পারে। এগিয়ে আসতে পারে বিশ্ববিদ্যালয়গুলোও। অবশ্য এমন অনেক পাঠ্যক্রম আছে, যা শুধু অনলাইনে সম্পন্ন করা সম্ভব নয়। এ ধরনের অ্যাসাইনমেন্ট নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে কিছুটা সৃজনশীল ও শিক্ষার্থীর প্রতি কিছুটা নমনীয় হতে হবে।

এ প্রসঙ্গে আহমেদ জাওয়াদ চৌধুরী জানান, এমআইটির কোনো কোনো ল্যাবের কার্যক্রম শিক্ষার্থীরা হাতে-কলমে করতে না পারলেও তাঁদের নির্বাচিত পদ্ধতি নির্বাচনের কারণ ইন্সট্রাক্টরের কাছে ব্যাখ্যা করেছেন মৌখিক বা লিখিতভাবে। আপাতত সেই প্রতিবেদনের ওপর নির্ভর করে তাঁদের কাজ মূল্যায়ন করা হচ্ছে। ঘরে থেকেই করা যায়, এমন অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কোনো বিষয় বুঝতে না পারলে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে—অনলাইন টিউটরিয়াল, যেখানে তাঁরা সহজেই তাঁদের শিক্ষক ও অন্যান্য সহপাঠীর সঙ্গে যুক্ত হয়ে সমস্যা সমাধান করতে পারছেন। এ ছাড়া ‘নো রেকর্ড পলিসি’ অবলম্বন করায় কোনো কোর্সের কার্যক্রম অসাধ্য মনে হলেও তা শিক্ষার্থীর ওপর মানসিক চাপ সৃষ্টি করছে না।

মহামারির এই কাল শেষ হয়ে পৃথিবী কবে পুনরায় স্বাভাবিক হবে, তা আমাদের অজানা। তাই এই অনিশ্চিত দীর্ঘ সময় থমকে গিয়ে নয়, বরং ব্যয় করতে হবে নিজেকে প্রস্তুত করে তুলতে। প্রযুক্তি শিক্ষা হোক সেই প্রস্তুতিতে আমাদের অন্যতম সহায়ক।

*লেখক: শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়