থাকল না গণতন্ত্রের পাহারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও বিরোধী দল—দুই কূলেই থাকছে জাতীয় পার্টি। দলটির প্রধান এইচ এম এরশাদ মন্ত্রীর পদমর্যাদায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিযুক্ত হয়েছেন। তাঁর দলের অপর তিন নেতা মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর এরশাদের স্ত্রী রওশন এরশাদকে করা হয়েছে সংসদের বিরোধীদলীয় নেতা।
এর ফলে দশম জাতীয় সংসদে কার্যত কোনো বিরোধী দল থাকছে না। অভিনব এই সরকারকাঠামো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। নবগঠিত এই মন্ত্রিসভা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী বলেও বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তাঁদের মতে, সংসদে বিরোধী দলের দায়িত্ব সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের বিরোধিতা করা। কিন্তু বিরোধী দলকে মন্ত্রিসভায় স্থান দিয়ে তাদের বিরোধিতা করার নৈতিক সামর্থ্য বিনাশ করা হয়েছে। একই সঙ্গে সংসদের কাছে সরকারের জবাবদিহির ক্ষেত্রও নষ্ট হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দল গণতন্ত্রের পাহারাদার। তাদের দায়িত্ব সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া, খারাপ কাজের সমালোচনা করা। এখন যে মন্ত্রিসভা হয়েছে, তা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল। বিরোধী দল যদি সরকারে ঢুকে যায়, তবে গণতন্ত্র পাহারা দেবে কে?’ প্রসঙ্গত, সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সম্পর্কিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদে একজন বিরোধীদলীয় নেতা থাকবেন। তিনি সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হবেন। জাপা চেয়ারম্যান এরশাদ গত শনিবার শপথ নেওয়ার পরপরই দলের সভাপতিমন্ডলীয় সদস্য রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করে গেজেট করা হয়। অন্যদিকে গতকাল রোববার জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সরকারের মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও রংপুর জেলা ও মহানগরের নেতা মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই দিন এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিযুক্ত করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মন্ত্রিসভা সংবিধানের ৭০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, বিরোধী দলের কোনো নেতা মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সংসদে কোনো বিল উত্থাপন করলে এবং সেই বিলে বিরোধী দল আপত্তি জানানোর সিদ্ধান্ত নিলে খোদ মন্ত্রীকেই নিজের আনা বিলের বিপক্ষে ভোট দিতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে নিজের আনা বিলের পক্ষে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি কোনো দল থেকে সাংসদ নির্বাচিত হয়ে সেই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে সেই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। আর দলের পক্ষে ভোট দিলে সংবিধানের ৫৫(৩) অনুচ্ছেদে বর্ণিত যৌথ জবাবদিহির বিধানের লঙ্ঘন ঘটবে।
এ বিষয়ে জাতীয় সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন আহমদ বলেন, ‘বিরোধী দলকে নিয়ে মন্ত্রিসভা গঠিত হলে কোনো বিষয়ে ভোটাভুটির প্রয়োজনীয়তা অর্থহীন হয়ে যায়। এ ধরনের মন্ত্রিসভা সংসদীয় রীতিনীতি ও শিষ্টাচারবহির্ভূত এবং সংসদীয় গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। কারণ সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করার কেউ থাকছে না।’
এ ধরনের বিষয়ে ১৯৯৯ সালে সংসদ সচিব বনাম খোন্দকার দেলোয়ার হোসেনের (বিএনপির সাবেক মহাসচিব) মামলার রায়ের বরাতে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মত দিয়েছেন, ‘কোয়ালিশন সরকার হলেই কেবল এক দল থেকে নির্বাচিত হয়ে অন্য দলীয় সরকারের মন্ত্রী হওয়া যায়।’ বিচারপতি মোস্তাফা কামাল, বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, বিচারপতি এ এম মাহমুদুর রহমান, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ রায় দেন।
বিশেষ দূত হয়ে বাসায় ফিরলেন এরশাদ: টানা পাঁচ সপ্তাহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা ‘অসুস্থ’ এরশাদ গতকাল বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে তিনি আর সিএমএইচে ফেরেননি। গিয়ে উঠেছেন বারিধারার নিজ বাসায়।
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন ৩ ডিসেম্বর নির্বাচন বর্জনের আকস্মিক ঘোষণা দেন জাপার চেয়ারম্যান এরশাদ। এরপর ২৬ ঘণ্টার আত্মগোপন, ৪ ডিসেম্বর বিকেলে আবার দৃশ্যমান; ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক, তারপর সরকার ছাড়ার ঘোষণা; পরদিন দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন তিনি। ৫ ডিসেম্বর তিনি দলীয় প্রতীক লাঙ্গল কাউকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই রাতে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে নিয়ে সিএমএইচে ভর্তি করান। তখন জাপার নেতারা বলেছিলেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি অসুস্থ।
এরপর এরশাদের নির্দেশ অমান্য করে রওশন এরশাদের নেতৃত্বে দলের একাংশ নির্বাচনে অংশ নেয়। এরশাদও হাসপাতালে থেকে সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ শপথ গ্রহণের জন্য চারটি শর্ত দিয়েছিলেন তিনি। সেই শর্তগুলো পূরণ না হলেও তিনি শনিবার সংসদে গিয়ে স্পিকারের কাছে সাংসদ হিসেবে শপথ নেন। এরপর ফিরে যান সিএমএইচে।