থাকলেও জিম্মি, না থাকলেও জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘট হলেও রাস্তায় কিছু অটো রিকশা চলতে দেখা গেছে
ধর্মঘট হলেও রাস্তায় কিছু অটো রিকশা চলতে দেখা গেছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। বেলা সোয়া একটা। রিকশা ভ্যানে করে মো. ইদ্রিসকে (৬০) হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনেরা। ওষুধ খাওয়ার পর থেকে মুখে ফেনা উঠছিল তাঁর। সিএনজি অটোরিকশা না পেয়ে বাধ্য হয়েই রিকশা ভ্যানের শরণাপন্ন হতে হয়েছে তাঁদের।

সদ্য মা হওয়া রুমানাসহ পাঁচ দিনের শিশুকে নিয়ে হাসপাতালের বাইরে প্রায় দেড় ঘণ্টা ধরে ঠায় দাঁড়িয়ে তাঁর পরিবার। হাজারীবাগের বাসায় ফেরার অপেক্ষাই যেন শেষ হয় না। রুমানার মা বলেন, ‘আমরা কীভাবে যাব, বুঝতে পারছি না। অ্যাম্বুলেন্স ভাড়া চাচ্ছে এক হাজার টাকা। সিএনজি পেলে এত টাকা দেওয়া লাগত না।
’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাধারণ মানুষের এ ভোগান্তির যেন শেষ নেই। হাসপাতালের সামনের অনেকেই জানতেন না সিএনজি অটোরিকশার ধর্মঘটের কথা। তাই ভোগান্তি তাঁদের পিছু ছাড়েনি।

এ ছাড়াও অফিসগামী ও অফিসফেরত যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে ধর্মঘটের কারণে।অটোরিকশার বয়সসীমা বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট পালনের ঘোষণা দেয় অটোরিকশা মালিক সমিতি।

সকাল থেকেই বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। অটোরিকশা না পেয়ে অনেককেই বাসে বাদুড়ঝোলা হয়ে যেতে হয়েছে। কেউ কেউ হিউম্যান হলার বা রিকশার শরণাপন্ন হন।বিকেলে অফিসফেরত যাত্রীদের পড়তে হয় আরও বেশি ভোগান্তিতে। হঠাত্ বৃষ্টির কারণে নাস্তানাবুদ হন অনেককেই, বিশেষ করে নারীরা।

মতিঝিলে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদিয়া জাহান বলেন, ‘সকালে এসেছি যুদ্ধ করে। এখন কীভাবে যাব, সেটাই বুঝতে পারছি না।’ বাসে ওঠার অভ্যাস না থাকার কারণে সব সময়ই অটোরিকশাই তাঁর ভরসা ছিল বলে জানান তিনি।
শাহবাগ থেকে উত্তরা যাওয়ার জন্য এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করছিলেন এম এ সোবহান। তিনি বলেন, বাসে উঠতে ‘লড়াই’ করার মতো অবস্থা নেই। আর দূরত্বও এমন যে রিকশায় যাওয়াও সম্ভব নয়।
এমন সময় দুটি অটোরিকশা এসে দাঁড়ালে ৩০/৪০ জন দৌড়ে গিয়ে ঘিরে ধরেন চালকদের। আর সুযোগ পেয়ে তিন-চার গুণ বেশি ভাড়া হাঁকিয়ে বসেন চালক। এর মধ্যেও দুটি অটোরিকশাই যাত্রী তুলে নিয়ে যাত্রা শুরু করে। অন্যরা আবারও অপেক্ষায়।
ধর্মঘটের মধ্যেও অল্পসংখ্যক অটোরিকশা চলতে দেখা গেছে। কিন্তু চালকেরা ভাড়া হাঁকাচ্ছিলেন কয়েক গুণ। গুলশান থেকে মোহাম্মদপুর যেতে মিটারে ভাড়া ওঠে ৮০ থেকে ১০০ টাকা। অন্যান্য দিন চালকেরা মিটারের পরিবর্তে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া নেন। আজ ধর্মঘটের কারণে একই রুটে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া হাঁকান চালকেরা। ভাড়া বেশি চাওয়ার কারণ জানতে চাইলে আজিজ মিয়া নামের এক চালক বলেন, ‘রাস্তায় বাইর অইছি ঝুঁকি লইয়া। গাড়ি চালানোর কারণে যদি ধর্মঘট অলারা গাড়ি ভাইঙ্গা দেয়! হ্যার লাইগা ভাড়া একটু বেশি।’
সন্ধ্যায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের অবস্থা আরও ভয়াবহ। বরাবরের মতো এখানে যাত্রীদের প্রচণ্ড ভিড়। সিএনজি অটোরিকশা না থাকায় সে ভিড় যেন আরও বেশি। অপেক্ষায় থেকে মিরপুর-মোহাম্মদপুরগামী কেউ কেউ ছোটেন তেজগাঁও কলেজের সামনে। রিকশায় বাসায় ফেরার উদ্দেশ্যে গিয়ে সেখানেও হোঁচট খেতে হয় তাঁদের। তারাও হাঁকাচ্ছেন আকাশচুম্বী ভাড়া। বাধ্য হয়ে সে ভাড়াতেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন অনেকে।
গুলশান-১ নম্বর গোল চক্কর এলাকায় কথা হয় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কামাল আহমেদের সঙ্গে। বেশ ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশা থাকলেও আমরা জিম্মি, না থাকলেও জিম্মি। চালু থাকলে মিটারের চেয়ে বেশি ভাড়া হাঁকাবে, ইচ্ছেমতো গন্তব্যে যাওয়ার চেষ্টা করবে। আর না থাকলেও আমাদের সমস্যা।’
একই জায়গায় ধানমন্ডি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাহমিনা আলম। ছেলে আর মেয়েকে নিয়ে বাড্ডায় মায়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বাড্ডায় কিছু না পেয়ে রিকশা নিয়ে গুলশান ১ পর্যন্ত এসেছেন। রিকশা নিয়ে ভেঙে ভেঙে ধানমন্ডি যাওয়ার পরিকল্পনা তাঁর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজধানী শহরে সব ধরনের যাত্রীর জন্য প্রয়োজনীয় যানবাহন না থাকা কতটা যৌক্তিক। আসলে আমাদের নীতিনির্ধারকেরা আমাদের কথা কতটা ভাবেন সেটাই প্রতিনিয়তই আমরা বুঝতে পারছি।’
কারওয়ান বাজারে সরকারি একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা প্রশ্ন রেখে বলেন, ‘এভাবেই কি চলবে দেশ? সব জায়গায়ই জিম্মি করার প্রবণতা থেকে আমরা কবে মুক্তি পাব? ’