থাকার কথা মানুষ, রাখা হচ্ছে গরু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা অম্বরীশ বিশ্বাস। বাড়ি তাঁর ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামে। বাড়িতে পাঁচ কক্ষের পাকা ঘর রয়েছে। মাঠে আছে ১০ বিঘা চাষযোগ্য জমি। তারপরও ভূমিহীন সেজে ছেলে সমরেশ বিশ্বাসের নামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়েছেন। সে ঘরে জ্বালানি রাখেন তিনি। অম্বরীশ বিশ্বাসের দুই ভাইও তাঁদের সন্তানদের নামে ১০টি ঘর বরাদ্দ নিয়েছেন। সেগুলোতেও রাখা হচ্ছে জ্বালানি কাঠ, খড়-বিচালি।সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রণয় বিশ্বাসেরও রয়েছে একতলা পাকা বাড়ি। বাবা মৃত পতিত পবন বিশ্বাসের নামে তিনি ঘর বরাদ্দ নিয়ে জ্বালানি রেখেছেন। এমনি আরেকজন হলেন কমলেশ বিশ্বাস। তাঁরও রয়েছে চার-পাঁচ বিঘা জমি। আশ্রয়ণ প্রকল্পের পাশেই তাঁর বাড়ি। তবু প্রকল্পের ঘর বরাদ্দ নিয়েছেন তিনি। নিজের নামের পাশাপাশি বোনের মেয়ের নাম ব্যবহার করে দুটি ঘর দখল করে আছেন। ঘর দুটিতে মালামাল রাখা হয়েছে। শুধু তাঁরাই নন, ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামে ভূমিহীনদের জন্য নির্মাণ করা দুটি আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি ঘরের ১০০টিই গ্রামের বিত্তবান ও ভূমি মালিকদের দখলে রয়েছে। তাঁরা বরাদ্দ নিলেও কেউ ঘরগুলোতে বাস করেন না। সেখানে লাকড়ি, খড়-কুটো, গরু-ছাগল রাখেন। ভূমিহীন ৬০টি পরিবার একটি করে ঘরে বাস করে। ওইসব পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাপ-পোকার ভয়ে রাতে ঘুমাতে পারেন না। খড়-কুটো রেখে তালাবদ্ধ করে রাখায় ঘরগুলোতে সাপ-খোপ ও পোকা-মাকড় বাসা বেঁধেছে। যে কারণে তাঁরা প্রকল্পের ঘর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন।ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের বামনাইল গ্রামের উত্তর প্রান্তে ২০০৫ সালে একটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। সেখানে আটটি ছাউনিতে ৮০টি কক্ষ রয়েছে। এর এক বছর পর গ্রামের দক্ষিণ প্রান্তে আরও একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। সেখানেও ৮০টি কক্ষ রয়েছে। আশ্রয়ণ প্রকল্প দুটির নাম দেওয়া হয়েছে ‘শান্তির নীড়-১’ ও ‘শান্তির নীড়-২’। এলাকার ভূমিহীনদের বসবাসের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে এগুলো নির্মাণ করে দেওয়া হয়। সে সময় ঘরগুলো সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি সদস্য প্রণয় বিশ্বাস ‘শান্তির নীড়-১’-এ একটি ঘর বরাদ্দ নিয়েছেন। যেখানে তিনি বা তাঁর পরিবারের কেউ থাকেন না। বাড়িতে পাকা ঘর রয়েছে তাঁর। বরাদ্দ নেওয়া ঘরে তিনিও মালামাল রাখেন। ‘শান্তির নীড়-২’-এর পাশেই বাড়ি সহকারী কৃষি কর্মকর্তা অম্বরীশ বিশ্বাসের। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে আছেন। তাঁরা তিন ভাই ও তাঁদের ছেলেরা দখল করে রেখেছেন ১০টি ঘর।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অভিযোগ করেন, শুরুতে দুটি আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি ঘরের মধ্যে ১৫০টিই দখলে নেয় গ্রামের মানুষ। তাদের সবার চাষযোগ্য জমি ও বসতবাড়ি থাকলেও ভূমিহীন-আশ্রয়হীন সেজে ঘরগুলো বরাদ্দ নেন। বরাদ্দ নেওয়া ঘরগুলো তাঁরা গুদাম হিসেবে ব্যবহার করেন। সরকারি হিসাব অনুযায়ী, বরাদ্দ পাওয়া ১৬০ জনের মধ্যে ৬০টি পরিবার আশ্রয়ণে বসবাস করেন।শান্তির নীড়-১-এর সভাপতি শেখ জামির হোসেন জানান, শুরুতে তাঁরা ঘরগুলোতে ওঠার সুযোগ পাননি। পরে ফুরসন্ধি ইউপির চেয়ারম্যানের চেষ্টায় তাঁরা সেখানে উঠতে পেরেছেন। তিনি বলেন, ‘যে কয়টি পরিবার এখানে বসবাস করছে, তাঁদের অনেকের নামে কোনো ঘর বরাদ্দ নেই। চেষ্টা করেও তাঁরা বরাদ্দ পাচ্ছেন না।’সহকারী কৃষি কর্মকর্তা অম্বরীশ বিশ্বাস জানান, সবাই নিয়েছেন, তাই তিনিও নিয়েছেন। ঘরগুলোর যে অবস্থা তাতে সেখানে মালামাল রাখা ছাড়া কোনো কাজ করা যায় না। তাই তিনি মালামাল রেখেছেন। ইউপি সদস্য প্রণয় বিশ্বাস জানান, সরকার থেকে ছেড়ে দিতে বললে ছেড়ে দেবেন। পাকা বাড়ি থাকতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পড়ে থাকতে দেখে বরাদ্দ নিয়েছি।’ ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, এভাবে জমির মালিকদের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া সম্পূর্ণ অন্যায়। ইতিপূর্বে যারা এগুলো বরাদ্দ দিয়েছেন তাঁরাই বলতে পারবেন কীভাবে দেওয়া হয়েছে। তিনি বলেন, মালামাল রাখার জন্য ঘরগুলো নির্মিত হয়নি।