থাকে শুধু প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন তো আত্মহত্যাকারীদের বেশির ভাগই ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণী।...পরিবারের সদস্যরা সতর্ক থাকলে এ রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব।’ 
২০১২ সালের দিকে নিজের ব্লগে ‘আত্মহত্যা’ শিরোনামের এক হাজার ১১৮ শব্দের এক নিবন্ধে এ কথা লিখেছিলেন সাংবাদিক আলিমুল হক। তাঁরই দুই ছেলে-মেয়ে চিরশ্রী জামান (১৯) ও মোহাম্মদ বিন আলীমের (১৫) ঝুলন্ত লাশ গত মঙ্গলবার উত্তরার ভাড়া বাসা থেকে উদ্ধার হয়। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন।
সাত বছর আগে আলিমুল হকের সঙ্গে তাঁর স্ত্রী জয়শ্রী জামানের বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই দুই ছেলে-মেয়ে তাঁদের মায়ের সঙ্গে থাকতেন। জয়শ্রী জামান বাংলাদেশ সংবাদ সংস্থার সহসম্পাদক। এই মর্মন্তুদ ঘটনার পর থেকে ভীষণভাবে মুষড়ে পড়েছেন জয়শ্রী।
আলিমুল হক বর্তমানে দ্বিতীয় স্ত্রী নিয়ে চীনে বসবাস করছেন। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, বিচ্ছেদ হলেও তিনি নিয়মিতই সন্তানদের খোঁজ রাখতেন। সন্তানদের সঙ্গে তাঁর যোগাযোগ হতো।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ গতকাল জানান, তিনি মামলার বাদী ও নিহত কিশোর-তরুণীর মায়ের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও এখনো তিনি ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাননি। তা পেলে সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে বলে জানান তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শুক্রবার মোহাম্মদপুরে খালার বাসায় চিরশ্রী জামান ও মোহাম্মদ বিন আলীমের কুলখানি অনুষ্ঠিত হবে।