থানচি উচ্চবিদ্যালয় জাতীয়করণে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উচ্চবিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া শুরু হলেও ধীরগতিতে চলছে। গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার প্রায় তিন মাস পর প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশের সবচেয়ে দুর্গম ও অনগ্রসর থানচি উপজেলা একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানটি ৮০ দশকের শেষের দিকেও একবার সরকারীকরণের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু দাপ্তরিক কার্যক্রমের প্রক্রিয়াগত দুর্বলতার কারণে তখন জেলার ছয় উপজেলার উচ্চবিদ্যালয় সরকারি হলেও থানচির বিদ্যালয়টি হয়নি। এবারও সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় দ্রুত অতিক্রম করা না গেলে জাতীয়করণ আবারও ঝুলে থাকতে পারে বলে অনেকে আশা প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক নূর মোহামঞ্চদ জানিয়েছেন, তাঁদের কাছে এ পর্যন্ত সরকারীকরণ-সংক্রান্ত কোনো আদেশ-নির্দেশ আসেনি। যেকোনো মুহূর্তে আসতে পারে। এ জন্য তাঁরা সরকারীকরণে সম্ভাব্য যা কিছু প্রয়োজন হতে পারে, তার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এমপিওভুক্ত (মাসিক বেতন প্রদান আদেশ) হওয়ায় সরকারীকরণের জন্য দাপ্তরিক প্রস্তুতি ও অবকাঠামোগত শর্ত পূরণে কোনো সমস্যা হবে না বলে প্রধান শিক্ষক বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকারীকরণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শিক্ষাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষাসচিব গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। থানচির উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খামলাই ম্রো বলেছেন, তাঁরা যত দ্রুত সম্ভব কাজ করার চেষ্টা করছেন। কারণ এ সরকারের সময়ে জাতীয়করণ করা না হলে ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি হতে পারে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক আজিজুর রহমান বলেছেন, তাঁদের কাছে এখনো থানচি উচ্চবিদ্যালয়-সংক্রান্ত কোনো চিঠি আসেনি। আজ রোববার মহাপরিচালকের দপ্তরে তাঁর সভা রয়েছে, সেখানে বিষয়টির খোঁজখবর নেবেন বলে তিনি জানান।