থানচি থেকে ৩২টি মর্টার শেল ও দুটি আরজেস গ্রেনেড উদ্ধার
বান্দরবানের থানচি থেকে গত শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় ৩২টি মর্টার শেল ও দুটি আরজেস গ্রেনেড উদ্ধার করেছে। মরিচা ধরা অনেক পুরোনো মর্টার শেলগুলোর তিনটি চীনের তৈরি বলে সেনা কর্মকর্তারা ধারণা করছেন। অন্য মর্টার শেলগুলো সম্পর্কে ধারণা করা যাচ্ছে না বলে গতকাল শনিবার বান্দরবান সেনা সদর জোন সদর দপ্তরে সাংবাদিকদের জানিয়েছে। স্থানীয় প্রবীণেরা বলেছেন, উদ্ধার করা গোলাগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে পরিত্যক্ত গোলা হতে পারে। সেই সময়ে থানচিতে ব্রিটিশের প্রতিরোধ ঘাঁটি ছিল এবং জাপানি সেনাদের সঙ্গে ব্রিটিশ বাহিনীদের কয়েকটি স্থানে স্থলযুদ্ধও হয়েছিল। সেনা কর্মকর্তারা বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল ইমরান ইবনে রবের নেতৃত্বে অভিযান চালানো হয়। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার এবং থানচি উপজেলা সদর থেকে চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি গুহার মতো জায়গা খুঁজে পাওয়া যায়। সেখানে তল্লাশি চালিয়ে গুহার ভেতরে একটি বড় আকারের বস্তায় ভর্তি মর্টার শেল ও গ্রেনেডগুলো পাওয়া যায়। জোন অধিনায়ক লে. কর্নেল ইমরান বলেছেন ৩২টি মর্টার শেলের মধ্যে ২৯টি ৮১ মিলিমিটার, তিনটি মর্টার শেল সক্রিয়করণ (মর্টার ফিউজ), দুটি আরজেস গ্রেনেড ও তিনটি বড় আকারের চীনের তৈরি মর্টার শেল। তবে উদ্ধার করা গোলাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহার করা অথবা কোন সময়ের এবং কাদের—সেই সম্পর্কে সেনা কর্মকর্তারা কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন। সেলগুলো এখনো সক্রিয় বা তাজা রয়েছে কি না, তা-ও নিশ্চিত নয় বলে কর্মকর্তারা জানান। নাম প্রকাশ না করার শর্তে থানচি ও বান্দরবানের প্রবীণেরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনী বার্মা দখল করার পর থানচির ছোট মদক, বড় মদক ও আন্ধারমানিক এলাকায় ব্রিটিশ বাহিনী প্রতিরোধ ঘাঁটি করেছিল। জাপানি সেনারা আরাকান পাহাড় অতিক্রম করে ঢুকতে চাইলে কয়েকটি এলাকায় ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধও হয়েছিল। বিশ্বযুদ্ধ শেষে ঘাঁটি গুটিয়ে নিলে সেখানে প্রচুর নিষ্ক্রিয় গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। জুমের আগুনে বিস্ফোরণ ঘটে কেউ কেউ মারাও গিয়েছিল। তবে সেনা কর্মকর্তা বলেছেন গোলাগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন পরিত্যক্ত গোলা কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্ফোরক বিশেষজ্ঞরা বিষয়টি বলতে পারবেন বলে তাঁরা জানান।