থানচি হাসপাতালে ওয়ার্ডবয় ও সেবিকারা চিকিৎসা দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসহাক বলেন, ‘দেখুন, এটুকু ক্ষতের জন্য তাকে বান্দরবানে যেতে হবে। যাওয়া-আসা, থাকা-খাওয়া কত খরচ আর কত সময় লাগবে! অথচ এখানে পট্টি বেঁধে (ব্যান্ডেজ) দিলে সব ঝামেলা শেষ।’ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছরের হানা ত্রিপুরার দুষ্টুমির ক্ষত পরিষ্কার করতে করতে তিনি এ কথা বলছিলেন। দুষ্টুমি করতে গিয়ে হাত কেটে যাওয়া হানা ত্রিপুরাই ৩১ শয্যার হাসপাতালের একমাত্র রোগী। তাকে চিকিৎসাসেবা-দানকারী চিকিৎসক ইসহাক হলেন হাসপাতালের একজন ওয়ার্ডবয় (চতুর্থ শ্রেণীর কর্মচারী)। স্থানীয় লোকজনও বলেছেন, চিকিৎসক না থাকায় থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবিকা ও ওয়ার্ডবয় ইসহাকরা দীর্ঘদিন ধরে চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছেন। সিভিল সার্জন মংতেঝ রাখাইনও স্বীকার করেছেন, হাসপাতালে ইসহাকের সার্বক্ষণিক উপস্থিতি ও তাঁর সেবাধর্মী মানসিকতায় তিনি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক হিসেবে সেখানে পরিচিত হয়ে উঠেছেন। তবে ওয়ার্ডবয় ইসহাক ও সেবিকারা জনপ্রিয় চিকিৎসক হলেও হাসপাতালে রোগীর উপস্থিতি না থাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। দেখা গেছে, ১৫টি পুরুষ ও ১৬ নারী-শিশু শয্যার দুটি ওয়ার্ডের সব শয্যাই খালি পড়ে রয়েছে। নাইন্দারিপাড়ার কার্বারী (পাড়াপ্রধান) নাইশৈপ্রু মারমা বলেন, চিকিৎসক না থাকলে মানুষ কেন হাসপাতালে যাবে? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ এলাকার দরিদ্র মানুষের জন্য তৈরি করা বিশাল হাসপাতালটি কোনো কাজে আসছে না। থানচি হেডম্যানপাড়ার থুইগ্য মারমা বলেছেন, ওষুধের দোকানে যাওয়া আর হাসপাতালে যাওয়া একই কথা। এ জন্য কেউ হাসপাতালে যেতে চায় না। থানচি বাজারের ক্যমং মারমা বলেন, ইসহাক এখানাকার মানুষকে যথেষ্ট সেবা দিয়ে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে সেবিকারা চিকিৎসক না থাকার কথা স্বীকার করে বলেছেন, তাঁরাই রোগীর ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দিয়ে হাসপাতাল চালিয়ে থাকেন। উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংহ্লাপ্রু মারমা বান্দরবান সদর হাসপাতালেও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। তিনি বলেন, পানি ও বিদ্যুৎ না থাকায় হাসপাতাল পরিচালনা করা কঠিন। এ জন্য চিকিৎসকেরা থাকতে চান না। পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন প্রশিক্ষণে, একজন প্রেষণে, দুজন ছুটিতে এবং তিনি নিজে আরএমও হিসেবে বান্দরবানে দায়িত্ব পালন করেন। ছুটিতে থাকা দুজনের ছুটি শেষ হলে সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেন।