থানচিতে চিকিৎসক না থাকায় সাত রোগীর মৃত্যুর অভিযোগ
বান্দরবানের থানচি উপজেলায় কোনো চিকিৎসক না থাকায় সেখানে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহে হাসপাতালে চার শিশুসহ পাড়ায় সাতজনের বিনা চিকিৎসায় মৃতু৵ হয়েছে বলে গত বুধবার থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার থানচি থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত আট বছরের এক শিশুকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হলেও সিভিল সার্জনসহ কোনো চিকিত্সক শিশুটিকে দেখেননি বলে থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংছার ম্রো জানিয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন তিন শিশুর মৃতু৵র কথা স্বীকার করে বলেন, চিকিত্সক না থাকলেও চিকিত্সার অভাবে নয়, মানুষের স্বাস্থ্য সচেতনতার অভাবে বিলম্বে হাসপাতালে নিয়ে আসায় তিন শিশু মারা গেছে।
থানচির জনপ্রতিনিধিরা বলেন, চার মাস ধরে থানচি উপজেলা চিকিত্সকশূন্য। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সেবিকা, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মীকেও জেলা সদরে প্রেষণে কর্মহীন অবস্থায় ফেলে রাখা হয়েছে।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, এখন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীশূন্য থানচিতে ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় মানুষের বিনা চিকিত্সায় মারা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি বলেন, বুধবার উক্যাচিং নামে আট বছরের এক শিশুসহ হাসপাতালে চার শিশু, তিন্দু ও রেমাক্রিতে তিনজনের বিনা চিকিত্সায় মৃতু৵ হয়েছে।
থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংছার ম্রো বলেন, উপজেলায় কোনো চিকিত্সক না থাকাটা অনেক আগে থেকে থানচির মানুষের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু কর্মরত থাকা স্বাস্থ্যকর্মীদেরও প্রেষণে নিয়ে জেলা সদরে বসিয়ে রাখা প্রশাসনিক অদক্ষতা ও অযোগ্যতায় মানবিক বিপর্যয় সৃষ্টির শামিল।
ক্ষুব্ধ উপজেলা চেয়ারম্যান বলেন, চিকিত্সক দিতে না পারলে চিকিত্সা সহকারী দেওয়ার এবং স্বাস্থ্যকর্মীদের প্রেষণ বাতিলের জন্য সিভিল সার্জন ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি।
সিভিল সার্জন মংতেঝ থানচির ১৭ জন স্বাস্থ্যকর্মী প্রেষণে থাকার কথা স্বীকার করে বলেন, তাঁদের মধ্যে পাঁচজনের প্রেষণ বাতিল করা হয়েছে। সেখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিলেও আপাতত কোনো সমস্যা নেই।