থানচিতে নলকূপ ও পাতকুয়ার সংখ্যা বাড়ছে, কমছে না পানি-সংকট
বান্দরবানের থানচি উপজেলায় নলকূপ-পাতকুয়াসহ পানি সরবরাহ অবকাঠামো বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট।উপজেলা সদর, বলীপাড়া বাজারে অসংখ্য নলকূপ ও পাতকুয়া দেখা গেলেও সেখানে পানির সমস্যাকে প্রধান সমস্যা হিসেবে স্থানীয় লোকজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা সবাই বলেছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান বলেন, ‘মানুষ সমস্যার কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। বাস্তবে সমস্যা এত প্রকট নয়।’বাস্তবে সমস্যা কত প্রকট, সেটা বোঝা যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, থানচি ও বলীপাড়া বাজারে গিয়ে। স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে দুটি পাতকুয়া রয়েছে। কিন্তু কয়েক কলসি পানি তোলার পর কুয়ার তলা পানিশূন্য হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংহ্লা প্রু মারমা জানান, পানির সংকটে ৩১ শয্যা হাসপাতালের অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা সম্ভব হচ্ছে না। পানির সংকটে হাসপাতালের শৌচাগারগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। থানচি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান, থানচি উপজেলা সদরে মাত্র দুটি চালু পাতকুয়া থেকে পানি পাওয়া দুর্লভ কিছু অর্জনের মতো। বিদ্যালয়ের পাশে আরেকটি রিংওয়েল বসানোর কথা থাকলেও দেওয়া হয়নি। বলীপাড়ার বাজারের আবদুল খালেক ও নীহার বিন্দু চাকমা জানান, প্রতিবছর নলকূপ ও পাতকুয়া স্থাপন করা হচ্ছে। স্থাপনের কয়েক দিনের মধ্যে নষ্ট হচ্ছে অথবা পানি পাওয়া যাচ্ছে না। এ জন্য অবকাঠামো নির্মাণ বেড়ে যাওয়ার সঙ্গে পানির সংকটও বাড়ছে।হিন্দুপাড়ার বেলাল আহমেদ জানান, তাঁদের পাড়ায় গত বছর আটটিসহ ২০-২৫টি নলকূপ ও রিংওয়েল থাকলেও একটিতেও শুকনো মৌসুমে পানি পাওয়া যায় না। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালেহ আহমদ জানান, সবকিছুর সংকট কিছুটা সহ্য করা গেলেও পানি না হলে জীবন চলে না।ডিপিএইচই উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান জানান, অর্ধেকের বেশি অবকাঠামো বিকল থাকার কথা স্বীকার জানান, মানুষ সচেতন না হওয়ায় রক্ষণাবেক্ষণ করা কঠিন। তবে যেভাবে সংকটের কথা বলা হয়, বাস্তবে সে রকম নয় উল্লেখ করে তিনি জানান, পাহাড়ি এলাকায় পানির স্তর কম হওয়ায় শুকনো মৌসুমে কিছুটা সংকট দেখা দেয়।