থানচিতে নাফাকুমের ঝরনায় পড়ে এক পর্যটক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাকুমের ঝরনার প্রবল স্রোতে পড়ে গতকাল শনিবার সকালে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। মইনুল ইসলাম (৩০) নামের ওই পর্যটক ঢাকার এক মেডিকেল কলেজের ছাত্র এবং রামপুরায় তাঁদের বাসা বলে জানা গেছে। পুলিশ ও থানচির স্থানীয় লোকজন জানিয়েছেন, দুই স্থানীয় গাইডসহ পাঁচজন ছাত্র সকালে রেমাক্রি বাজার থেকে রেমাক্রি খালে নাফাকুমের ঝরনায় যান। থানচি বিজিবি ক্যাম্পের এন্ট্রি রেজিস্টার অনুযায়ী, তাঁরা হলেন ঢাকার রামপুরার ছাত্র মইনুল ইসলাম (৩০)। একই ঠিকানায় আজহার হোসেন (২৮), রাহাদ (২৬), সাত্তার (২৪) ও পটিয়ার মনির হোসেন (২৫)। তাঁরা সেখানে অ্যাডভেঞ্চার ট্যুরে ঝরনা দেখতে গিয়েছিলেন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবু ছালেহ জানান, এলাকাটি দুর্গম ও মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সকালে তিন্দু ইউপির সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা পাহাড়ের ওপর উঠে মুঠোফোনে জানিয়েছেন, মইনুল ইসলাম নাফাকুমের ঝরনার প্রবল স্রোতে পা পিছলে পড়ে যান। বিকেল পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। মইনুল কী অবস্থায় আছেন, স্থানীয় লোকজন তা খুঁজে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছেন। বিজিবির বলীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আক্তার জামান বলেন, রেমাক্রি খালে পানি বেশি থাকায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়েছে। থানচির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেছেন, গত শুক্রবার বিকেল চারটার দিকে থানচি উপজেলা সদর থেকে ওই পাঁচজন পর্যটক স্থানীয় গাইড লোকমানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।