থানচিতে মৃতদেহ উদ্ধার, ম্রো ন্যাশনাল পার্টির দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম চুনিপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া চাহ্লা ম্রোর (৬০) মৃতদেহ গতকাল শুক্রবার বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কথিত ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) গ্রেপ্তার হওয়া দুই সদস্যকেও আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে চুনি ম্রোপাড়া এলাকার লেনদে ম্রোর বাগান থেকে চাহ্লা ম্রোর মৃতদেহ পাওয়া যায়। মাটি চাপা দেওয়া অবস্থা থেকে মৃতদেহ উদ্ধার করার পর প্রথমে উপজেলা সদরে নিয়ে আসা হয়।
উপজেলা সদর বাজার থেকে গত বুধবার চাকুপাড়ার মুংয়ই ওরফে বঘি ম্রো (২৮) ও তংলাইপাড়ার রিংলত ম্রো (২৫) নামে দুজন এমএনপির সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাহ্লা ম্রোর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেছেন চাঁদার জন্য এমএনপির সদস্যরা চাহ্লা ম্রো ও তাঁর ছোট ভাই রংরাউ ম্রোকে বোডিংপাড়া থেকে অপহরণ করেছিলেন।
সাড়ে ১৬ হাজার টাকা মুক্তিপণ নিয়ে রংরাউ ম্রোকে ছেড়ে দিলেও চাহ্লা ম্রোর জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এমএনপি তার মুক্তির জন্য দুই লাখ টাকা দাবি করে। কিন্তু দরিদ্র জুমচাষি পরিবার এত টাকা দিতে না পারায় তাঁকে জীবন্ত কবর দিয়ে নৃশংসভাবে হত্যা
করা হয়।