থানচির আদিবাসী এলাকায় খাদ্যসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলায় জুমচাষের ওপর নির্ভরশীল আদিবাসী পাড়াগুলোতে চরম খাদ্যসংকটের খবর পাওয়া গেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে ওই এলাকার প্রায় ১৬ হাজার মানুষ অনাহারে-অর্ধাহারে অথবা জঙ্গলি আলু খেয়ে জীবনযাপন করছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।জানা যায়, উপজেলার যেসব এলাকায় যোগাযোগব্যবস্থা ভালো, সেখানে তেমন খাদ্যসংকট নেই। তবে উপজেলা সদরের ১৫ থেকে ৪৫ কিলোমিটার দূরে তিন্দু ও রেমাক্রি—এ দুই ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি খাদ্যসংকটে রয়েছে।তিন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিগোরাম ত্রিপুরা জানান, তাঁর ইউনিয়নের জনসংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। শঙ্খ নদ তীরবর্তী কয়েকটি পাড়া ছাড়া অধিকাংশ আদিবাসী পরিবার এখন জঙ্গলের আলু খেয়ে দিনযাপন করছে। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় তাদের কাছে খাদ্যশস্য পৌঁছানো যাচ্ছে না। খাদ্যশস্যের দামের চেয়ে পৌঁছানোর ব্যয় দ্বিগুণ পড়ে যায়। রেমাক্রি ইউপির চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, তাঁর ইউনিয়নে প্রায় আট হাজার মানুষ বসবাস করে। এদের মধ্যে বড়মদক বাজার এলাকা ও ছোট মদকের কিছু পরিবার ছাড়া সবাই প্রচণ্ড খাদ্যসংকটে দিনযাপন করছে। তিনি চরম খাদ্যসংকটে থাকা এক হাজার ৩১৪ পরিবারের তালিকা উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কাছে দিয়েছেন।আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমার নেতৃত্বে জনসংহতি সমিতির (জেএসএস) একটি দল তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা ঘুরে এসেছে। ওই দলের সদস্য ও জেলা জেএসএসের সাধারণ সম্পাদক ক্যবামং মারমা জানান, তাঁরা রেমাক্রি বাজার থেকে ১৫-২০ কিলোমিটার দূরে দুর্গম রেমাপো ও নাইক্ষ্যংয়ের বিভিন্ন পাড়ায় অনাহারি মানুষের করুণ অবস্থা দেখেছেন। পাড়াগুলোর অধিকাংশ পরিবার এখন জঙ্গলি আলু, কলা ও ফলমূল খেয়ে জীবন রক্ষা করছে।থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো জানান, গত বছর জুমের মৌসুমে অকাল বৃষ্টির জন্য চাষ ভালো হয়নি। জুমের কিছু ফসল হলেও বন্য শূকরের উপদ্রবে জুমচাষিরা ফসল ঘরে তুলতে পারেননি। এ জন্য তিন্দু, রেমাক্রি এবং বলীপাড়া ও থানচি সদর ইউনিয়নের দূরবর্তী এলাকাগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে। তিনি অবিলম্বে সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান।থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবু ছালেহ বলেন, উপজেলার প্রায় ৩৫ হাজার জনসংখ্যার অর্ধেক মানুষ প্রচণ্ড খাদ্যসংকটে পড়েছে। সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা শুরু হলে সমস্যা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।