থানচির ইউএনওকে আন্দোলনের মুখে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আন্দোলনের মুখে অবশেষে বদলি করা হয়েছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের অভিযোগে ৯ জুলাই থেকে তাঁকে অপসারণের জন্য উপজেলাবাসী আন্দোলন করে আসছিলেন।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তাঁকে অপসারণ বা প্রত্যাহার নয়, স্বাভাবিক নিয়মে বদলি করা হয়েছে।
সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক নুমং প্রু ও বিএনপির উপজেলা শাখার সভাপতি মংশৈ ম্রয় মারমা বলেছেন, ইউএনও শেখ আবু ছালেহ আহমদ থানচি উপজেলায় কথায় কথায় হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-সদস্যদের হুমকি-ধমকি দিতেন। টাকা না হলে কোনো কাজই করতেন না। তাঁর দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জনসংহতি সমিতিসহ দলমত-নির্বিশেষে সবাই আন্দোলনে শামিল হয়েছে।
তবে ইউএনও আবু ছালেহ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছেন, আওয়ামী লীগের একজন নেতাসহ কতিপয় নেতার নিম্নমানের ঠিকাদারি কাজের বিল আটকে দেওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন জানিয়েছেন, ইউএনও আবু ছালেহ আহমদকে জনস্বার্থে কুমিল্লার চান্দিনা উপজেলায় বদলি করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গার ইউএনও শহীদুল হককে থানচিতে বদলি করা হয়েছে।