থানচির কয়েকটি এলাকায় পর্যটকদের যাতায়াত বন্ধ!
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কয়েকটি এলাকায় পর্যটকদের যাওয়া-আসা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ষায় খরস্রোতা সাঙ্গু নদের প্রবল স্রোতে দুর্ঘটনার আশঙ্কা এবং স্থানীয় ও বহিরাগত কিছু সন্ত্রাসীর আনাগোনা থাকায় সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রোববার প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নেওয়া এই সিদ্ধান্ত আগামী মাসের (সেপ্টেম্বর) শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ প্রথম আলোকে বলেছেন। উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত চট্টগ্রাম, ঢাকাসহ বাইরের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের জানা না থাকায় তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১৪ আগস্ট অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইউপি চেয়ারম্যানরা দুর্গম এলাকাগুলোতে পর্যটকদের গমনাগমন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।তাঁরা বলেছেন, খরস্রোতা শঙ্খ নদ (সাঙ্গু নদকে স্থানীয়ভাবে শঙ্খ বলা হয়) বর্ষাকালে তিন্দু, রেমাক্রি এলাকায় ভয়াবহ রূপ ধারণ করে। নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে নির্ঘাত মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই। তিন্দু ইউপি চেয়ারম্যান সিগোরাম ত্রিপুরা ও রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেছেন, বাইরে থেকে আসা পর্যটকেরা দুর্গম নাফাকুম, ছোট ও বড় মদক, সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের আন্ধারমানিক, লেইক্রিসহ বিভিন্ন এলাকায় যেতে চান। কিন্তু বর্ষা মৌসুমে ওই এলাকাগুলো এতই বিচ্ছিন্ন হয়ে পড়ে যে, কোনো সমস্যার সৃষ্টি হলে সংবাদ পেতেও সপ্তাহ খানেক সময় লাগবে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পর্যটকদের যাওয়া-আসা আপাতত বন্ধ করে দেওয়ার প্রস্তাব উত্থাপন করে।উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেছেন, উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রয়োজনীয় সব স্থানে পাঠিয়ে অবহিত করা হয়েছে। কিন্তু তার পরও বিষয়টি না জেনে পর্যটকেরা সেখানে যাচ্ছেন।