থানচির গহিন বনে চিরুনি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপি চাষ প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে বান্দরবানের থানচি উপজেলার গহিন বনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান চলছে। এতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর প্রায় ৩০০ সদস্য অংশ নিচ্ছেন। গত রোববার এই অভিযান শুরু হয়।বিজিবি ও পুলিশ কর্মকর্তারা গতকাল বুধবার জানিয়েছেন, থানচি উপজেলা সদর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে সাঙ্গু প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের গহিনে পপি চাষ হচ্ছে এবং সেখানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টি (এএলপি) ও স্থানীয় ম্রো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান সম্পর্কে তাঁদের কাছে তথ্য রয়েছে। তাই সেখানে যৌথ অভিযান চালানো হচ্ছে।চার দিন ধরে এই অভিযান চললেও অভিযানের সফলতা নিয়ে কিছু জানানো হয়নি। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত করিম পাটোয়ারী জানান, এলাকাটি দুর্গম পাহাড়ি ও গহিন বন হওয়ায় অভিযানে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। প্রথমে বিজিবি ও পুলিশ অভিযানে নামলেও গতকাল বুধবার থেকে সেনাবাহিনী তাদের সঙ্গে যোগ দিয়েছে।অভিযানে নামার কথা নিশ্চিত করে সেনাসূত্রগুলো জানায়, দুর্গম এলাকা হওয়ায় অভিযানে সফলতা পেতে সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে অভিযানের সময়সীমা ১৫ দিন নির্ধারণ করা হলেও বাস্তবতার নিরিখে তা বাড়তে পারে।বিজিবির থানচির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমেন চৌধুরী জানান, বনাঞ্চলে পপি চাষ হয়ে থাকে বলে তাঁদের কাছে খবর রয়েছে। তাই পপি চাষ প্রতিরোধ ও মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও স্থানীয় সন্ত্রাসীদের ধরতে এই অভিযান চালানো হচ্ছে।