থানচির দুর্গম এলাকার জুমচাষিদের খাদ্যঘাটতি মেটাতে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত জুমচাষিদের খাদ্যঘাটতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যাভাবে পড়া ২ হাজার ৩০০ দরিদ্র জুমিয়া পরিবারের জন্য এ পর্যন্ত ৪৬ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে হেলিকপ্টারে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। থানচি উপজেলার দুর্গম এলাকায় খাদ্যাভাব ও প্রশাসনের তৎপরতা সম্পর্কে অবহিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমির হোসেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে জেলা ও উপজেলার গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। ইতিমধ্যে ১৬ টন চাল খাদ্যাভাবে পড়া পরিবারগুলোকে দেওয়া হয়েছে। আরও ৩০ টন চাল দ্রুত পাঠানো হবে। তিনি বলেন, মূলত থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকায় বসবাসরত জুমচাষিরা কিছুদিনের জন্য খাদ্যাভাবে পড়েছেন। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে অভাবে থাকা পরিবারগুলোর তালিকা তৈরি করা হয়েছে। গত বছর অতিবৃষ্টির কারণে জুমচাষে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় সেখানে খাদ্যঘাটতি দেখা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, চারটি ইউনিয়নে দুর্গম এলাকার মৌসুমি খাদ্যঘাটতিতে পড়া জুমচাষিদের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে দুর্গম এলাকায় খাদ্যশস্য পৌঁছাতে সমস্যা হচ্ছে।