থানচির দুর্গম দুই ইউনিয়নে 'খাদ্যাভাব'
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের কিছু এলাকায় খাদ্যাভাব দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ কথা জানিয়েছেন।
গতকাল শনিবার বান্দরবান সফররত ইউএনডিপি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায়ও তিন্দু ও রেমাক্রিতে খাদ্যাভাবের বিষয়টি তুলে ধরেন জনপ্রতিনিধিরা। তাঁরা এ ব্যাপারে ইউএনডিপির জরুরি সহযোগিতা চেয়েছেন।
থানচির ইউএনও আনোয়ার হোসাইন বলেন, দুই ইউনিয়নের যোগাযোগবিচ্ছিন্ন কিছু অংশের লোকজন খাদ্যাভাবে পড়েছে। জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রাথমিকভাবে ৮০০ পরিবারের তালিকা পাঠানো হয়েছে।
তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা বলেন, ইউনিয়নের সবচেয়ে দুর্গম ও মিয়ানমার সীমান্তবর্তী ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসংকট দেখা দিয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে খাদ্যশস্য পৌঁছানোও কঠিন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইউএনডিপির মতবিনিময় সভায় থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে খাবার সরবরাহ করতে হবে।
তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৬ হাজার।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, গত বছর জুমের ধান রোপণের সময় একটি সন্ত্রাসী দলের আতঙ্কে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের জুমচাষিরা ঠিক সময়ে কাজ করতে পারেননি।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, দুই ইউনিয়নে কিছুটা খাদ্যাভাব দেখা দিলেও কোনো সমস্যা হবে না। দু-এক দিনের মধ্যে সেখানে জরুরি ভিত্তিতে ১৬ টন চাল পাঠানো হবে। ৮০০ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।