থানচির দুর্গম সীমান্তচৌকি লক্ষ্য করে গোলা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচির মিয়ানমার সীমান্তবর্তী বুলুপাড়া এলাকায় বিজিবির একটি বিওপি (সীমান্তচৌকি) লক্ষ্য করে গত বুধবার রাতে ছয়টি গোলা নিক্ষেপ করা হয়। গোলাগুলি মিয়ানমারের দিক থেকে আসে। এ সময় বিজিবি মর্টার শেল ছুড়ে পাল্টা জবাব দেয়। থানচি উপজেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে বুলুপাড়া সীমান্ত এলাকা।
কারা এবং কী উদ্দেশ্যে এই গোলা নিক্ষেপ করেছে, তা জানাতে পারেননি বিজিবির কর্মকর্তারা। নিক্ষেপ করা গোলা মর্টার শেল কি না, সে বিষয়টিও নিশ্চিত নয়। গোলার আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত নয়টা ৪৫ মিনিট থেকে সোয়া ১০টার মধ্যে মিয়ানমারের দিক থেকে একের পর এক গোলা নিক্ষেপ করা হয়।
তবে গোলার আঘাতে বিওপির কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। কেবল হেলিপ্যাড-সংলগ্ন (হেলিকপ্টার ওঠানামার স্থান) মাটিতে একটি গোলার আঘাতের চিহ্ন দেখা গেছে।
এর আগে গত বছরের ২৬ আগস্ট মিয়ানমারের সীমান্তবর্তী থানচির বড় মদক এলাকায় বিজিবির একটি টহল দল ও বিওপিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। পাল্টা গুলি ও মর্টার শেল ছুড়ে সেই হামলা প্রতিহত করে বিজিবি। পরে সন্ত্রাসীদের দমনে বিজিবি ও সেনাসদস্যরা সীমান্তের দুর্গম এলাকায় অভিযান চালান।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বান্দরবান সেক্টরের অধিনায়ক কর্নেল হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বুলুপাড়া সীমান্তচৌকি ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
কর্নেল হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের কোনো সশস্ত্র গোষ্ঠীর অবস্থান নেই। তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের দেশের বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বুলুপাড়া সীমান্তচৌকিতে তাদের কারও ছোড়া গোলা এসে পড়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবির কর্মকর্তারা বলেন, বান্দরবানের আলীকদমের ৫৭ ব্যাটালিয়নের আওতায় সম্প্রতি বুলুপাড়া এলাকায় একটি বিওপি স্থাপন করা হয়েছে। বুলুপাড়া সীমান্তচৌকির ওপারে মিয়ানমারের বুসিডং সীমান্ত।
আলীকদম বিজিবির ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হোসাইন রেজা মুঠোফোনে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বিওপির আশপাশের এলাকায় গোলা এসে পড়লে মর্টার শেল ছুড়ে পাল্টা জবাব দেওয়া হয়। এরপর বাইরে থেকে গোলা নিক্ষেপ বন্ধ হয়ে যায়। বিওপি এলাকায় পড়া গোলাগুলো খোঁজা হচ্ছে। পেলে বোঝা যাবে এটি মর্টার শেল, নাকি অন্য কোনো ধরনের গোলা। কারা নিক্ষেপ করেছে তা-ও তখন জানা যাবে।