থানা চত্বরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে পড়ে থাকা প্রায় কোটি টাকা মূল্যের নয়টি গাড়ি খোলা আকাশের নিচে অবহেলায় রোদ-বৃষ্টিতে বিনষ্ট হচ্ছে। মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়িগুলোর মধ্যে একটি আদালতের নির্দেশে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি গাড়িগুলোর ভবিষ্যৎ বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে পুলিশ।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ, র্যাব ও বিডিআরের চোরাচালান, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানকালে গত পাঁচ বছরে সাতটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও একটি টেম্পো জব্দ করা হয়। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণে সদর থানা চত্বরে পড়ে থাকা গাড়িগুলোর মধ্যে তিনটি মূল্যবান প্রাইভেট কার স্থায়ীভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা থানা চত্বরে পড়ে থাকা গাড়িগুলোর মধ্যে ঢাকা মেট্রো-গ-১৪-০৪২৯ নম্বরের একটি মাইক্রোবাস, নম্বরবিহীন একটি প্রাইভেট কার ও একটি কিষান টেম্পো। এ ছাড়াও ছয়টি প্রাইভেট কার রয়েছে। যেগুলোর নম্বর যথাক্রমে ঢাকা মেট্রো-ক-০৩-১৪১০, ঢাকা মেট্রো-ভ-৫৩৬৪, ঢাকা মেট্রো-খ-১১-৪৪৭৯, ঢাকা মেট্রো-ক-০৩-৫৬১৫, চট্ট মেট্রো-গ-১১-১১৯৯ ও ঢাকা মেট্রো-গ-১৩-২৬২৯।চুয়াডাঙ্গা সদর থানা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর তৎকালীন বিডিআর সদস্যরা চোরাচালানের পণ্যসহ করোলা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-১৪১০) জব্দ করে। ২০০৯ সালে চুয়াডাঙ্গার একটি আদালত গাড়িসহ গ্রেপ্তার করা আসামিকে সাত বছর কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে জব্দকৃত গাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বাকি গাড়িগুলোর ব্যাপারে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে থানা কর্তৃপক্ষ। সদর থানার মালখানার দায়িত্বে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক ইলিয়াস জানান, মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়িগুলো আদালত চত্বরে রাখার কথা থাকলেও স্থানাভাবে তা সদর থানা চত্বরে রাখা হয়েছে। এসব গাড়ি নিয়ে থানার কিছুই করার নেই। যা করার আদালত করবেন।