থানা-ডিবির পর মামলা এখন সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই মামলা তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়। 

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা জেলা পুলিশের দায়িত্বশীল তিনজন কর্মকর্তা প্রথম আলোকে মামলা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২১ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও সেনানিবাস ফাঁড়ির কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে। গত শুক্রবার হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম ওই মামলা তদন্ত করছিলেন। এ নিয়ে ২১ মার্চ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দুই দফা মামলার তদন্ত কর্মকর্তা ও দপ্তর পরিবর্তন করা হলো।
এদিকে আগামীকাল বুধবার সকালে ​সোহাগীর লাশ কবর থেকে তোলা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামে গত ২১ মার্চ রাতে তনুকে দাফন করা হয়। অধিকতর তদন্তের জন্য আলামত সংগ্রহের লক্ষ্যে তাঁর লাশ তোলা হবে। গত সোমবার সন্ধ্যা থেকে সোহাগীর কবর পাহারা দিচ্ছে বাঙ্গরা থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। ইতিমধ্যে সিআইডির একটি দল কুমিল্লায় এসে পৌঁছেছে।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা এড়ানোর জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের ঝোপ-জঙ্গল থেকে গত ২০ মার্চ রাতে সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে হত্যা মামলা করেন।