থানা থেকে আলামত গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পেরিয়ে গেলেও উদ্ঘাটিত হয়নি উত্তর জনপদের প্রথিতযশা সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার রহস্য। সাতবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। উল্টো থানার মালখানা থেকে হত্যার আলামতের মধ্য থেকে হারিয়ে গেছে হত্যাকারীদের ব্যবহূত একটি চটের ব্যাগ। এই ব্যাগের ওপর লেখা ছিল, ‘২০০৪ কর্মগুণে ফল’।শেরপুর থানার মালখানার দায়িত্বে থাকা তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল খান জানান, তিনি যখন মালামাল বুঝে নেন, তখন দেখতে পান এই মামলায় জব্দ করা চটের ব্যাগটি নেই। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির গেটের সামান্য দক্ষিণে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপংকর চক্রবর্তী। তিনি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি, শেরপুর ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক। হত্যার পরের দিন নিহতের বড় ছেলে পার্থসারথি চক্রবর্তী থানায় মামলা করেন। ইতিমধ্যে সিআইডির তিনজনসহ সাতজন কর্মকর্তা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন। তবে রহস্য উদ্ঘাটিত হয়নি।দীপংকর চক্রবর্তীর স্ত্রী অঞ্জনা চক্রবর্তী বলেন, সুবিচার পাওয়ার বিষয়টি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। মামলার বাদী ও নিহতের বড় ছেলে পার্থসারথি চক্রবর্তী মামলার সঠিক তদন্তের দাবি জানান। ছোট ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের ব্যবহূত চটের ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। তিনি দাবি করেন, তদন্ত সংস্থা সঠিকভাবে তদন্ত না করায় তাঁর পরিবার অভিভাবক হত্যার বিচার থেকে বঞ্চিত রয়েছে।শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বলেন, মামলাটি দায়সারাভাবে তদন্ত করা হয়েছে। শেরপুর পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ বলেন, দীপংকর চক্রবর্তী ছিলেন সাদা মনের মানুষ। তাঁর কোনো শত্রু ছিল, তা তাঁর জানা ছিল না। দীর্ঘ ছয় বছরেও হত্যার বিচার না হওয়ায় তাঁরা শঙ্কিত।মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা শেরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে নীলফামারী সদর থানার ওসি নূরুল ইসলাম বলেন, তদন্তকালে তিনি চেষ্টা করেছেন হত্যার রহস্য উদ্ঘাটনের, কিন্তু পারেননি। মামলার অপর তদন্ত কর্মকর্তা শেরপুর থানার সাবেক ওসি রবিউল হক বলেন, তিনি অল্প কিছুদিন এই মামলার তদন্ত করেছেন। চেষ্টাও করেছেন। পরে তাঁর বদলি হওয়ায় মামলাটি রেখে আসেন।মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, থানা থেকে যদি মামলার আলামত হারিয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায়, হত্যাকারীরা প্রভাবশালী। তিনি জানান, ২০০৭ সালের ২৭ নভেম্বর সিআইডি থেকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে তাঁরা তাতে নারাজি আবেদন করেন। ২০০৮ সালের ২০ নভেম্বর আদালত মামলাটি আরও তদন্তের জন্য শেরপুর থানায় পাঠিয়ে দেন। বর্তমানে থানার ওসি আমিরুল ইসলাম তদন্ত করছেন। তিনি জানান, মামলাটি নিয়ে তিনি বিগত সময়ের তদন্ত প্রতিবেদন পড়েছেন। নতুন কোনোভাবে তদন্ত করা যায় কি না, তা তিনি নির্ধারণ করছেন।