চট্টগ্রামে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী অপহরণ মামলার এক আসামিকে আটকের ২৬ ঘণ্টা পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, ২ জুন সকালে কলেজে যাওয়ার কথা বলে বহদ্দারহাটের বাসা থেকে বের হন ওই ছাত্রী। সেদিন বিকেলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। ওই ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ জুন পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গত ৪ জুন পাঁচজনকে আসামি করে মামলা করেন ছাত্রীর বাবা। ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত ১০টায় ৫ নম্বর আসামি মো. আলমকে পুলিশ মুরাদপুরের মির্জাপোলের বাসা থেকে আটক করে। কিন্তু তাকে আদালতে না পাঠিয়ে গত বুধবার রাত ১২টার দিকে ছেড়ে দেয় পুলিশ। মেয়ের চাচা প্রথম আলোকে বলেন, ‘পরিদর্শক (তদন্ত) ৫ নম্বর আসামিকে ছেড়ে দিয়েছেন। তাকে ছেড়ে না দিলে অন্য আসামিরা ভয়ে মেয়েটিকে ছেড়ে দিত। পুলিশ আসামিদের ছেড়ে দিলে আমরা ন্যায়বিচার পাব কোথায়?’ জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘আসামি ধরলেই কি অপরাধী হয়ে যায়? তদন্ত কর্মকর্তা আসামি ধরেছেন। তিনি কেন ছেড়ে দিয়েছেন, সেটা তাঁকে জিজ্ঞেস করেন।’ তদন্ত কর্মকর্তা মো. আবদুল আলীম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি আসামি ধরে থানায় রেখে গিয়েছিলাম। অন্য আসামি ধরার জন্য অভিযানে যাই। অভিযানের সময় বাদীপক্ষের লোকজন আমার সঙ্গেই ছিলেন। পরে থানায় এসে জানতে পারি, আমার কর্তৃপক্ষ আসামি ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে, তা আমার জানা নেই।’