থানা থেকে ছাড়া পেয়ে বাস মালিকদের হত্যার হুমকি
নারায়ণগঞ্জের নসিব পরিবহন কর্তৃপক্ষ গতকাল শনিবার থেকে ভাড়া দুই টাকা কমিয়ে ১৬ টাকা করেছে। চাঁদা আদায় ও বাস চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে আটক সাইফুল ইসলাম ভূঁইয়া ও ফরহাদ হোসেনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পরই সাইফুল বাস মালিকদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসানের (নিপু) ঘনিষ্ঠ সহযোগী।শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় হাসানের চাঁদা আদায়ের অভিযোগ এনে গত শুক্রবার নসিব পরিবহনের মালিকেরা সংবাদ সমেঞ্চলন করেন। আধা ঘণ্টা পরই র্যাব সদস্যরা নসিব পরিবহনের চেয়ারম্যান এহসানুল হাসানের সহযোগী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ও ফরহাদকে আটক করে থানায় সোপর্দ করেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশ দুজনকে ছেড়ে দেয়। নসিব পরিবহনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আল আমিন বাদী হয়ে থানায় মামলা দিলেও পুলিশ তা নেয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের দাবি করেন, সাইফুল ও ফরহাদ অসুস্থ ছিলেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা র্যাবের সঙ্গে আলোচনা করে। এর পরই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। নসিব পরিবহনের মালিক মো. পারভেজ ভূঁইয়া জানান, ‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাইফুল, মুরাদ হোসেনসহ ৮-১০ জন মোটরসাইকেলে করে বাস টার্মিনাল এলাকায় নসিব পরিবহনের কাউন্টারে আসেন। এ সময় আমরা কয়েকজন বাসের কাউন্টারে ছিলাম। তাঁরা আমাদের হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে আমরা বা অন্য কেউ কাউন্টারে বসলে সবাইকে হত্যা করা হবে। তাঁরা রোববার (আজ) কাউন্টার দখল করে নেবে।’ এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।এদিকে এসব বিষয় সম্পর্কে জানতে এহসানুল হাসান ও সাইফুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।নারায়ণগঞ্জের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদাবাজির অভিযোগে র্যাবের আটক করা দুজনকে ছেড়ে দিয়ে পুলিশ প্রমাণ করেছে, তারা চাঁদাবাজ চক্রকে সহায়তা করে।নারায়ণগঞ্জের ৭১টি সংগঠন সব পরিবহনকে বাসভাড়া কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনগুলো যৌথ এক বিবৃতিতে জানায়, তারা নসিব পরিবহনের ভাড়া কমিয়ে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানাচ্ছে। ৭১টি সংগঠনের মধ্যে রয়েছে—সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী, খেলাঘর, তেল গ্যাস রক্ষা কমিটি, গণসংহতি, ওয়ার্কার্স পার্টি প্রভৃতি।