থানা থেকে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন আটক রাখার পর সাতক্ষীরা সদর থানার হেফাজত থেকে নিখোঁজ মোখলেছুর রহমান জনিকে (২৮) খুঁজে বের করে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ বাস্তবায়নে অগ্রগতি জানিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সাতক্ষীরা শহরের কুখরালী গ্রামের নিখোঁজ হোমিওপ্যাথি চিকিৎসক মোখলেছুর রহমানের স্ত্রী জেসমিন নাহারের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নিখোঁজ মোখলেছুরের স্ত্রী জেসমিন নাহার বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁর স্বামী মোখলেছুরেকে আটক করেন সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হিমেল হোসেন। ওই রাতে তাঁদের বাড়িতে তল্লাশি করে সদর থানা-পুলিশ। ৫, ৬ ও ৭ আগস্ট থানায় গিয়ে তিনি স্বামীর সঙ্গে দেখা করে তাঁকে খাবার দিয়ে আসেন। ৮ আগস্ট থানায় গিয়ে তিনি স্বামীর সঙ্গে দেখা করতে পারেননি। থানা থেকে বলা হয়, মোখলেছুর রহমান জনি নামে থানায় কেউ নেই। বিষয়টি তিনি ২৪ আগস্ট পুলিশ সুপারকে জানান।
জেসমিন বলেন, পুলিশ সুপার কোনো খোঁজ না দেওয়ায় ২৬ ডিসেম্বর তিনি থানায় সাধারণ ডায়েরি করতে যান। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ (বর্তমানে সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত) জিডি নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওসি তাঁকে ডেকে মোটা অঙ্কের টাকা দাবি করে বলেন, ‘টাকা দিলে স্বামীকে পাবে, তা না হলে আর কোনো দিন তাঁকে খুঁজে পাবে না।’ গত ৩ জানুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে স্বামীর খোঁজ চান। তিনি আরও জানান, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একটি মানুষ কীভাবে উধাও হয়ে গেল, এটি কেউ বিশ্বাস করতে পারে? সাত মাস ধরে স্বামী কোথায় আছেন, তা তিনি না জানতে পেরে ২ মার্চ হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন (রিট পিটিশন নং-২৮৩৩/১৭)।
৬ মার্চ শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি নিখোঁজ ব্যক্তির বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের ব্যাখ্যা জানাতে বলে ১৯ মার্চ দিন ধার্য করেন। এদিন আদালতে উপস্থাপন করা পুলিশ সুপারের ব্যাখ্যায় বলা হয়, তাঁরা তদন্ত করে দেখেছেন, নিখোঁজ মোখলেছুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর সঙ্গে যুক্ত। তাঁকে গ্রেপ্তার করা হয়নি।