থানা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হত্যা মামলার রিমান্ডে থাকা আসামি সানি (২০) গত সোমবার রাত নয়টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় থানা থেকে পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও লোকমুখে শেষ পর্যন্ত তা ফাঁস হয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামি সানি ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার মহসিন মিয়ার ছেলে। গত শুক্রবার ফতুল্লার কাশীপুর হোসাইনীনগর এলাকার একটি ডোবা থেকে শোয়েব নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত যুবকের বাবা মনির হোসেনের দায়ের করা একটি মামলায় পুলিশ সানিসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে সানি ও শাহিন নামের দুজনকে দুই দিনের রিমান্ডে আনে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এই থানার মূল ভবনটির একেবারে নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে। তাই পাশেই একটি ভবনকে থানা হিসেবে ব্যবহার করছে পুলিশ। তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম সোমবার রাতে আসামিকে তাঁর অফিস কক্ষে নিয়ে জানালার গ্রিলের সঙ্গে হ্যান্ডকাফ আটকে জিজ্ঞাসাবাদ করছিলেন। একসময় তিনি কক্ষ থেকে বেরিয়ে অন্যত্র গেলে আসামি হ্যান্ডকাফ থেকে হাত গলিয়ে পালিয়ে যান।
শোয়েবের মামা নেয়ামত উল্লাহ্ জানান, খবরটি শুনে নিহত শোয়েবের মা সংজ্ঞা হারিয়ে ফেলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।