বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কবে-কখন গ্রেপ্তার হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাঁকে আদালতে গিয়ে জামিন আবেদন করার সুযোগ দেওয়া হবে।
এদিকে গত বুধবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত থানায় তা পৌঁছায়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
বিএনপির নেতারা মনে করছেন, চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা বা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে খালেদা জিয়াকে নানাভাবে চাপে রাখার কৌশল এটি। তাঁদের ধারণা, খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের বাইরে নিতে পারলে তাঁকে সেখানে ফিরতে দেওয়ার সম্ভাবনা কম। ওই কার্যালয়ে তালা লাগিয়ে তাঁকে বাসায় যেতে বাধ্য করা হতে পারে বলেও তাঁদের আশঙ্কা।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এবং একাধিক আইনজ্ঞ আশাবাদী যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে। বহুল আলোচিত এ মামলায় বিচারিক প্রক্রিয়ায় শাস্তি হলে সরকার রাজনৈতিক কারণে তাঁকে জেলে পাঠানোর অপবাদ থেকে মুক্তি পাবে বলে মনে করছে।
পুলিশ ও আইনজীবীদের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে এখনই গ্রেপ্তারের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সংকেত আসেনি। আসামি সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাই সরকারের দিকে তাকিয়ে আছেন।
তবে সরকারের একাধিক মন্ত্রী গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তারের সম্ভাবনা কম। তিনি নিজেই অনেকটা স্বেচ্ছাবন্দী হয়ে আছেন। তাই তাঁকে আনুষ্ঠানিক গ্রেপ্তার না করে বিচার-প্রক্রিয়া শেষ করাই সরকারের লক্ষ্য।
সরকারের একজন মন্ত্রী বলেন, বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে এ ক্ষেত্রে কয়েকটি সম্ভাবনার কথা চিন্তা করা যেতে পারে। তা হলো, আইনজীবীরা আবেদন করলে হাজিরার পরবর্তী তারিখের (৪ মার্চ) আগ পর্যন্ত খালেদা জিয়া জামিন পেতে পারেন। তার পরও আদালতে হাজির না হলে তাঁকে আইনি প্রক্রিয়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করেই আদালতে নেওয়া হতে পারে।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের একাধিক সূত্র গতকাল জানিয়েছে, তাঁদের নেত্রীর মনোবল সুদৃঢ় রয়েছে। তিনি যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল জানায়, বিচারিক প্রক্রিয়া এড়াতে যেহেতু খালেদা জিয়া হরতাল-অবরোধ দিচ্ছেন এবং নিরাপত্তার কারণে আদালতে হাজির হচ্ছেন না, সেহেতু আইনত কয়েকটি বিকল্প রয়েছে। এগুলো হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করেই তাঁকে আদালতে নেওয়ার ব্যবস্থা করা, তাঁর অনুপস্থিতিতে আইনজীবীর মাধ্যমে মামলার কার্যক্রম শেষ করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক বিবেচনায় আদালতই তাঁর কাছে যাওয়া অথবা তাঁকে আটক করে আদালতে এনে আইনি কার্যক্রম অংশ নিতে বাধ্য করা।
সরকারপক্ষের একজন আইনজীবীর মতে, একটি বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারেন না। ৬৩টি ধার্য তারিখের মধ্যে তিনি মাত্র সাতবার আদালতে হাজির হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সাক্ষীকে জেরার জন্য আবেদনও করা হয়নি। তাঁর আইনজীবীদের আবেদন অনুযায়ী বিচারক পরিবর্তন করা হয়েছে। উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ নেই। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছাড়া বিকল্প উপায় ছিল না।
তবে বিএনপির আইনজীবীরা পরোয়ানা জারির পর সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক।
অবশ্য আদালতের পরোয়ানার আদেশে বলা হয়, গত ধার্য তারিখে (২৯ জানুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীরা তাঁকে অবশ্যই হাজির করার কথা জানিয়েছিলেন। তাঁরা সে কথা রাখেননি।
এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি আদালতে হাজির হননি।
গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীর ক্যান্টনমেন্ট ও গুলশান থানায় পাঠানোর আদেশ দেন আদালত। অবশ্য গতকাল অফিস চলাকালে এই দুই থানায় আদালতের আদেশ পৌঁছায়নি বলে সংশ্লিষ্ট থানা সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ও কাল আইনজীবীরা বসে এ বিষয়ে করণীয় ঠিক করবেন। গ্রেপ্তার এড়ানোর সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডেফিনিটলি, আইনে সুযোগ আছে। আমাদের সিনিয়র আইনজীবীরা বসে সিদ্ধান্ত জানাবেন।’
২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেকসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ এবং ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যাতে আইনি সহায়তা না পান, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবীর বাসা ঘেরাও করে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ অভিযোগ করেন।