থানা ভবন থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের পাঁচলাইশ থানার হাজতঘর থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত মঙ্গলবার রাতে থানা ভবনের হাজতঘরের ভেন্টিলেটর ভেঙে এই আসামি পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া আসামির নাম রুবেল। তিনি দ্রুত বিচার আইনে করা একটি মামলার আসামি। এ কারণে মঙ্গলবার পাঁচলাইশ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হাজতির সংখ্যা বেশি থাকায় ওই দিন নারীদের হাজতখানায় তাঁকে রাখা হয়েছিল। তিনি মঙ্গলবার রাতে শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসামি রুবেল থানা থেকে পালিয়ে সোজা রাঙ্গুনিয়ায় চলে যায়। সোর্স লাগিয়ে আমরা তাকে আবার গ্রেপ্তার করতে সক্ষম হই।’