থানা ভবনে নলকূপ বসাতে গিয়ে মিলল রকেট

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ভবনের পেছনে খালি জায়গায় গভীর নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে আজ সোমবার বিকেলে একটি পরিত্যক্ত রকেটের (গোলা) সন্ধান পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়কার রকেট।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, পাঁচলাইশ থানা ভবনের পেছনে খালি জায়গায় একটি গভীর নলকূপ বসানোর জন্য শ্রমিকেরা কাজ করছিলেন। প্রায় তিন ফুট গর্ত করার পর শ্রমিকেরা মরচে ধরা ওই রকেটটি উদ্ধার করেন। পরে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে এটি নিয়ে আসে।
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য ডিবির উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, রকেটটি উদ্ধার করে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে নিরাপদে রাখা হয়েছে। এটির কোনো কার্যক্ষমতা নেই। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে এটি মাটির নিচে রাখা হয়েছিল। আরও পরীক্ষা করে প্রয়োজনে এটির বিস্ফোরণ ঘটানো হবে।