থানা সংস্কারের নামে টিআর আত্মসাৎ
রংপুরের তারাগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে বিগত দুই অর্থবছরে ‘থানা সংস্কারের’ নামে টিআরের (টেস্ট রিলিফ) আট মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ চালে তিনটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। প্রকল্প কমিটিগুলোতে বিধিবহির্ভূতভাবে ছিলেন পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী টিআর-কাবিখার প্রকল্প কমিটিতে থাকতে পারেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর, কাবিখার খাদ্যশস্য ও নগদ টাকা) কর্মসূচির সরকারি নির্দেশিকার সাত পৃষ্ঠার ৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী প্রকল্প কমিটির অন্তর্ভুক্ত থাকিতে পারিবেন না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-২০১৩ অর্থবছরের জানুয়ারিতে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল গ্রামীণ অবকাঠামো কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় তারাগঞ্জ থানা সংস্কারের নামে তিন মেট্রিক টন টিআরের চাল বরাদ্দ দেন। এ জন্য পাঁচ সদস্যের একটি প্রকল্প কমিটি গঠন করা হয়। পিআইওর কার্যালয়ে দেওয়া কাগজপত্র যাচাই করে দেখা যায়, ওই প্রকল্প কমিটিতে বিধিবহির্ভূতভাবে সভাপতি ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। কমিটির অন্যরাও ছিলেন পুলিশের সদস্য। প্রকল্প কমিটি গত ৩ ও ২৮ জানুয়ারি দুই দফায় ওই তিন টন চাল উপজেলা খাদ্যগুদাম থেকে তোলে। এরপর পিআইওর কার্যালয়ে ৭২ হাজার টাকার ইট, ১৯ হাজার ২০০ টাকার সিমেন্ট, চার হাজার টাকার বালু ও ছয় হাজার ২১৬ টাকার মিস্ত্রির মজুরি বাবদ খরচের ভাউচার দাখিল করে। কিন্তু পিআইওর কার্যালয়ে দেওয়া খরচের ভাউচারের সূত্র ধরে অনুসন্ধান করে থানায় কোনো কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে থানা-পুলিশের কয়েকজন সদস্য জানান, থানার অফিসকক্ষ সংস্কারের নামে প্রকল্পের চাল তুলে বিক্রির পর টাকা আত্মসাৎ করা হয়েছে। জানা গেছে, একইভাবে বিগত ২০১১-১২ অর্থবছরে একই থানা সংস্কারের নামে ওই সাংসদ টিআরের (বিশেষ) আরও চার মেট্রিক টন চাল বরাদ্দ দেন। উপপরিদর্শক (এসআই) আলফাজ হোসেন ছিলেন প্রকল্প কমিটির সভাপতি। ছয় সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন থানার এসআই কে এম জগলুল ইসলাম, মনোয়ার হোসেন; কনস্টেবল জগবন্ধু, রাশেদুল হক ও রূপম কুমার রায়। থানার ঘর সংস্কারের নামে ওই প্রকল্পের বিপরীতে পিআইওর কার্যালয়ে জমা দেওয়া কাগজপত্রে দেখা যায়, এক লাখ ৭১ হাজার ৭০০ টাকার ইট, বালু ও সিমেন্ট এবং মিস্ত্রির মজুরি বাবদ চার হাজার ১৮০ টাকার খরচের ভাউচার পিআইওর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ২০১১-১২ অর্থবছরে টিআরের (সাধারণ) আরও এক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রকল্প কমিটির সভাপতি ছিলেন তারাগঞ্জ থানার তৎকালীন এসআই কে এম জগলুল ইসলাম। কমিটির অন্যরাও ছিলেন থানা-পুলিশের সদস্য। প্রকল্পের ব্যয় হিসেবে ২৫ হাজার ৪১০ টাকার টাইলস, পাঁচ হাজার ৬০০ টাকার ইট, বালু, সিমেন্ট ও তিন হাজার ১৮৫ টাকা মিস্ত্রি খরচের ভাউচার জমা করা হয়েছে। তবে পিআইওর কার্যালয়ে জমা দেওয়া প্রকল্পের কাজের ভাউচারের সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা গেছে, ওই দুই প্রকল্পেরও কোনো কাজ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে তারাগঞ্জ থানার এক এসআই অভিযোগ করে বলেন, থানা সংস্কারের নামে টিআরের চাল তুলে কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। তা ছাড়া থানা সংস্কারের প্রয়োজন হলে তা করা হবে সরকারিভাবে। টিআর দিয়ে কেন?
তারাগঞ্জ থানা থেকে রংপুরের কাউনিয়ায় সদ্য বদলি হয়ে যাওয়া এসআই আতিক হোসেন বলেন, ‘থানা সংস্কারের নামে কয়েক দফা টিআর বরাদ্দ নিয়ে কোনো কাজ করা হয়নি। ওসি স্যার পিআইওর কার্যালয়ে জমা দেওয়া প্রকল্পের ভুয়া কাগজপত্রে আমাকে স্বাক্ষর দিতে বললেও আমি তা দিইনি।’
তারাগঞ্জ থানার ওসি দাবি করেন, টিআরের তিন টন চাল বিক্রি করে থানার সীমানাপ্রাচীর ও থানা চত্বরের একটি গর্ত ভরাট করা হয়েছে। তাঁর বক্তব্যের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, গত জুনে থানায় ১৩৫ ফুট পাকা সীমানাপ্রাচীর করা হয়। এই প্রাচীর নির্মাণে উপজেলা রাজস্ব খাত থেকে এক লাখ ৭০ হাজার টাকা ব্যয় করা হয়। এর সত্যতা নিশ্চিত করে এলজিইডির উপসহকারী প্রকৌশলী শফিউল আলম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজ ওই প্রাচীর নির্মাণের কাজ করেছে। থানার একাধিক পুলিশ সদস্য জানান, থানা চত্বরে কখনো কোনো গর্ত ছিল না। প্রকল্প কমিটির সভাপতির পদে থাকা সম্পর্কে ওসি বলেন, ‘কোনো সরকারি কর্মচারী এ পদে থাকতে পারবেন না, তা আমার জানা ছিল না।’ অপর দুটি প্রকল্পের চালে কি কাজ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি জানি না।’
কে এম জগলুল ইসলাম ও আলফাজ হোসেন মুঠোফোনে অভিযোগ সম্পর্কে দাবি করেন, টিআরের চাল বিক্রি করে ওসি সাহেবের অফিসকক্ষে টাইলস লাগানো হয়েছে। কিন্তু মোস্তাফিজার রহমান টাইলস লাগানোর কথা অস্বীকার করেছেন। তারাগঞ্জের পিআইও রেফাউল আযম বলেন, টিআর আত্মসাৎ করে থাকলে যত বড় সরকারি কর্মকর্তাই হোন, তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আত্মসাৎ করার জন্য থানায় টিআর বরাদ্দ দিইনি। কাজ না করে তা যদি আত্মসাৎ করা হয়ে থাকে, তাহলে সেটা দেখে ব্যবস্থা নেবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।’