থানা সম্পর্কে ধারণা পাল্টাতে চান চট্টগ্রামের নতুন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ৬০ লাখ মানুষের নিরাপত্তা দেওয়া ও তাঁদের বিপদে বন্ধু হয়ে সেবা দিতে চান চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনার ইকবাল বাহার। গতকাল সোমবার বিকেলে নগর পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুলিশি হয়রানি বন্ধে নগরের ১৬ থানায় সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছেন নতুন পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘পুলিশের সেবা নেওয়ার অন্যতম জায়গা হচ্ছে থানা। থানা সম্পর্কে মানুষের ধারণা যদি না পাল্টায়, তাহলে পুলিশ সম্পর্কেও মানুষের ধারণা পাল্টাবে না। থানায় সেবা নিতে যাওয়া লোকজন যদি বলে, পুলিশ ভালো না। তাহলে ওপরে বসে আমরা যতই ভালো কাজ করি কিছুই হবে না।’
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলকে সম্প্রতি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে গত রোববার রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ইকবাল বাহার যোগদান করেন।
ইকবাল বাহার বলেন, ‘জননিরাপত্তাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ৬০ লাখ মানুষ যাতে আশ্বস্ত হতে পারে তারা নিরাপদে থাকবে। বিপদে পড়লে মানুষ প্রথমে পুলিশের কাছে ছুটে আসে। আমরা বিপদের বন্ধু হয়ে থাকতে চাই। আপনি, আমি, সবাই মিলে চেষ্টা করলে এটি সম্ভব।’
গতকালের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, উপকমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) শেখ শরিফুল ইসলাম প্রমুখ।
পুলিশের কোনো সদস্য অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইকবাল বাহার। তিনি আরও বলেন, ‘কোনো অনৈতিক কাজে পুলিশের সদস্যরা যাতে জড়াতে না পারেন, সে ব্যাপারে আমরা তৎপর থাকব।’
অর্থের বিনিময়ে যেসব পুলিশ সদস্য পুলিশি সেবা দেন, তাঁদের ব্যাপারে সচেষ্ট থাকার ঘোষণা দেন পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘আমি একেবারে বন্ধ করে ফেলতে পারব তা বলছি না। তবে এটি যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে সচেষ্ট থাকব। তিনি আরও বলেন, ‘থানায় জিডি করতে কোনো পয়সা লাগে না, এটি নিয়মে পরিণত করতে চাই।’
সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বলার পরও যদি শোধরানোর কোনো উদ্যোগ না নিই, তাহলে আপনারা লিখুন। তবে সার্বক্ষণিকভাবে যদি ব্যর্থতা উঠে আসতে থাকে, তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে মানুষ ভাববে, পুলিশ দায়িত্ব পালন করছে না।’
একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারের নেতৃত্বে নগর পুলিশে শিগগিরই একটি মিডিয়া সেল খোলারও ঘোষণা দেন পুলিশ কমিশনার।