থানা হাজত থেকে আসামির পলায়ন
ময়মনসিংহের ফুলপুর থানার হাজত থেকে আল-আমিন (১৫) নামে এক আসামি পালিয়ে গেছে। গতকাল শুক্রবার আদালতে পাঠানোর সময় সে পালিয়ে যায়। তাকে ধরার জন্য পুলিশ অর্ধশতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ফুলপুর থানার পুলিশ ধোবাউড়া উপজেলার গোয়াতলা গ্রামের আল-আমিনকে মোটরসাইকেল চুরির মামলায় ফুলপুর উপজেলার বওলা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ওই দিনই তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার পাথাইল গ্রামের জজ মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলার পাংচুশা সাংমাকে (২৫) মাদকসহ গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে ময়মনসিংহের আদালতে পাঠানোর জন্য তাঁদের তিনজনকে হাজত থেকে বের করা হয়। এ সময় আল-আমিন দ্রুত থানার প্রধান ফটক দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অর্ধশতাধিক টেম্পো, বাস ও থানার অপর পাশে ধানখেতে তল্লাশি চালায়। কিন্তু গতকাল রাত আটটা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।