থানা হাজতে দেয়ালে মাথা ঠুকে যুবক আহত
চট্টগ্রামের হাটহাজারী থানায় আটক এক যুবক গতকাল শুক্রবার রাতে হাজতের ভেতরে দেয়ালে মাথা ঠুকে গুরুতর আহত হয়েছেন।
আবদুল হাকিম (২২) নামের ওই যুবককে গত বুধবার কোনো মামলা ছাড়া পুলিশ আটক করেছিল বলে অভিযোগ। মাথা ঠুকে গুরুতর আহত হওয়ার পর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় একটি কাপড়ের দোকানের কর্মচারী আবদুল হাকিম হাটহাজারী সদরের নুরুল আলমের ছেলে। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার পুলিশ তাঁকে আটক করেছিল বলে পরিবারের অভিযোগ।
আবদুল হাকিমের চাচা মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ আমার ভাতিজাকে আটক করে। তাকে কোনো মামলা ছাড়া তিন দিন থানা হাজতে আটকে রাখে। এ কারণে ক্ষোভে হাকিম নিজেই থানা হাজতের গ্রিল ও দেয়ালে মাথা ঠুকে আহত হয়।’
বিষয়টি স্বীকার করে হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বলেন, ‘এক যুবক আহত হয়েছেন। বিষয়টি আমি দেখছি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’