থানাগুলোয় ওসি পদে এএসপি নিয়োগ আপাতত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের থানাগুলোয় ওসি পদে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নিয়োগ আপাতত হচ্ছে না। প্রতি থানায় দুজন করে পরিদর্শক (ইন্সপেক্টর) নিয়োগ শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। থানাগুলোয় এক মাসের মধ্যেই দুজন করে পরিদর্শক দেওয়া শুরু হবে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, থানাগুলোয় ওসি পদে এএসপি নিয়োগ আপাতত হচ্ছে না। পরে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।সূত্র জানায়, গত ৫ আগস্ট পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিদর্শকদের বদলে সহকারী পুলিশ সুপারদের নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা মহানগরের সব থানায় ও পরে অন্য সব মহানগরে এ ব্যবস্থা কার্যকর হবে। পরে জেলাগুলোতেও থানায় এএসপিদের নিয়োগ করা হবে। এ জন্য ঢাকা মহানগরের সব থানায় ওসি পদে এএসপিদের নিয়োগ দিতে মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশও দেওয়া হয়।পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের নীতিনির্ধারণী গ্রুপে এ নিয়ে আলোচনা হলেও বাহিনীতে এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এ কারণে গতকাল কর্মকর্তারা এ নিয়ে বৈঠক করেন।পুলিশ কর্মকর্তারা আরও জানান, এক মাসের মধ্যে থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ করার কাজ শুরু হবে। এঁদের একজন অপারেশন ও অন্যজন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। দুজনের মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে থানায় পুলিশ কর্মকর্তাদের কাজের চাপ কমবে।