থানার অদূরেই জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রণকান্দা গ্রামে এক সপ্তাহ ধরে জুয়ার আসর চলছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলা থেকে জুয়াড়িরা এসে এতে অংশ নিচ্ছেন। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালেও তারা এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
পুলিশের দাবি, তারা বিষয়টি জানেই না। অথচ জুয়ার আসরটি তারাকান্দা থানার অদূরেই বসে।
রণকান্দা, তালদীঘি ও তারাকান্দা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ জানুয়ারি থেকে এখানে জুয়ার আসর বসে। ময়মনসিংহের এক ব্যক্তি এই জুয়ার আসরের হর্তাকর্তা হলেও স্থানীয় লোকজন তাঁকে চেনেন না। রণকান্দা গ্রামের ফজলুল হক মণ্ডল, সোহরাব হোসেনসহ কয়েকজন এ জুয়ার আসর পরিচালনা করছেন।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ফসলি জমিতে বাঁশের খুঁটিতে পলিথিন টানিয়ে তিনটি ঘর বানানো হয়েছে। রাত নয়টা থেকেই ময়মনসিংহ শহর ও হালুয়াঘাট, ফুলপুর, ধোবাউড়া, গৌরীপুর উপজেলা ও শেরপুরের নকলা এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে জুয়াড়িরা আসতে শুরু করেন। তিনটি ঘরের একটিতে চলে ‘ওয়ান টেন’ জুয়ার আসর। এ ছাড়া একটি ঘরে জুয়াড়িদের খাবার ব্যবস্থা ও অন্যটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে ভোর হওয়ার আগেই জুয়াড়িরা আসর ছেড়ে চলে যান।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, জুয়ার আসরের এক কিলোমিটারের মধ্যেই তারাকান্দা থানা। পুলিশের চোখের সামনে প্রতি রাতে এত বড় জুয়ার আসর বসলেও পুলিশের কোনো ভূমিকা নেই।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জুয়ার আসর থেকে প্রতি রাতে পুলিশ মাসোহারা পায়। এ ছাড়া স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও জুয়ার আসর থেকে টাকা নেন। একজন জুয়াড়ি জানান, প্রতি রাতে এখানে আনুমানিক ১৫০ জন জুয়াড়ি আসেন। কয়েক লাখ টাকার খেলা হয়। রাতে পুলিশ এসে টাকা নিয়ে যায়।
আয়োজক ফজলুল হক মণ্ডল বলেন, জুয়ার আসর চালাতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে প্রতি রাতে টাকা দিতে হয়। পুলিশকে প্রতি রাতে কত টাকা দিতে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি জানি না।’
আয়োজক সোহরাব হোসেন বলেন, মনির নামের একজন ওয়ান টেনের আসরটি চালান। কোথায় কত টাকা দিতে হয়, সেটা মনিরই ভালো বলতে পারবেন। তবে তিনি মনিরের মুঠোফোন নম্বর দিতে রাজি হননি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, পুলিশ এ জুয়ার আসরের বিষয়ে কিছুই জানে না। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।