থানার আবাসিক ভবনে ‘ধর্ষণের শিকার’ কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল মডেল থানার আবাসিক ভবনে এক কিশোরী ‘ধর্ষণের শিকার’ হয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। ঘটনার পরপরই ধর্ষণের অভিযোগে এক কনস্টেবলের ছেলে ফাহাদ হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার নিহতের চাচি কামরুন্নাহার বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা করেছেন। নিহত মারজানা আক্তার (১৬) দশম শ্রেণীর ছাত্রী ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাথারপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। মারজানার চাচা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাহুবল থানায় কর্মরত ছিলেন। প্রায় ১৫ দিন আগে তিনি বদলি হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় যান।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বাহুবল মডেল থানার একটি আবাসিক ভবনের (কোয়ার্টার) দ্বিতীয় তলায় এসআই রফিকুলের স্ত্রী-সন্তানেরা থাকেন। দেড় মাস আগে এখানে বেড়াতে আসে রফিকুলের ভাতিজি মারজানা। শুক্রবার রাত নয়টার দিকে এখানে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়। রফিকুলের স্ত্রী কামরুন্নাহার সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে নিচতলায় নামেন। এ সময় মারজানা একাই ঘরে ছিল। এ সুযোগে একই ভবনের নিচতলায় বসবাসরত কনস্টেবল রুহুল আমিনের ছেলে ফাহাদ হোসেন ওই বাসায় ঢুকে মারজানাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফাহাদকে আটক করে। খবর পেয়ে থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য এসে মারজানাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। লজ্জায় মেয়েটি কয়েক দফা আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। রাত সাড়ে ১২টার দিকে মারজানা ওই ভবনের ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মারজানার মৃত্যু হয়।গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ ধর্ষণের আলামত পেয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা উমেঞ্চ তানিয়া নাসরিন জানান, মারজানার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। কিন্তু বাহুবল থানার কনস্টেবল রুহুল আমিন নিজ দায়িত্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে মেয়েটিকে চিকিৎসা দেওয়ার লিখিত অনুরোধ জানান। পরে চিকিৎসারত অবস্থায় মারজানার মৃত্যু হয়। এক প্রশ্নের জবাবে চিকিৎসক জানান, নিহতের পরনের সালোয়ার ছেঁড়া ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল।নিহতের চাচা এসআই রফিকুল ইসলাম বলেন, ‘আমি জানতে পেরেছি, কোয়ার্টারের অন্যান্য বাসার লোকজনের উপস্থিতিতে ওসি, এসআই অহিদুল, কনস্টেবল দুলালসহ অন্যরা মারজানাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন। এ অবস্থায় ঘৃণা ও লজ্জায় তাঁদের সামনেই মেয়েটি কয়েক দফা আত্মহত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তাঁদের উপস্থিতিতেই মারজানা দৌড়ে ছাদে গিয়ে লাফ দেয়। আমি ধর্ষকসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’এ ব্যাপারে বাহুবল থানার ওসি আজিজুর রহমান সরকার বলেন, ‘আমি ঘটনার পরপরই ঘটনাস্থলে যাই এবং এসআই অহিদুর রহমান, কনস্টেবল দুলাল, এসআই রফিকের স্ত্রীসহ কয়েকজনের হেফাজতে মেয়েটিকে রেখে আসি। পরে জানতে পারি মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।’এসআই অহিদুর রহমান বলেন, ‘আমাদের হেফাজতে থাকা অবস্থায় টিভি দেখার কথা বলে মারজানা পাশের রুমে যায় এবং মুহূর্তে দৌড়ে ছাদে উঠে লাফ দেয়।’সমাজকর্মী ও আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘থানা কম্পাউন্ডে যদি একটি মেয়ে নিরাপত্তা না পায়, তাহলে বাহুবলের মানুষ কতটা নিরাপত্তাহীনতায় আছে, তা সহজেই অনুমান করা যায়। ধর্ষণের শিকার মেয়েটিকে বাঁচাতে যারা অবহেলা করেছে, তাদের সবার শাস্তি দাবি করছি।’