থানার উদ্বোধন অনুষ্ঠানে আসতে হলো শিক্ষার্থীদের
ছুটির দিনে মন্ত্রীসহ বিশিষ্ট অতিথিদের জন্য ফুলের থালা নিয়ে রোদের মধ্যে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রাখা হলো শিক্ষার্থীদের। পরে দুই ঘণ্টা ধরে রাজনৈতিক বক্তৃতাও শুনতে হয়েছে তাদের।গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের নির্দেশে স্কুলে আসে বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী। উপলক্ষ, স্কুলমাঠে আয়োজিত নতুন থানার উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে উপস্থিত হতে স্কুল কর্তৃপক্ষের এ নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, কয়েকজন অভিভাবক ও স্থানীয় লোকজন।গতকাল স্কুলমাঠে গিয়ে দেখা যায়, প্রথম থেকে দশম শ্রেণীর ১০০-এর মতো শিক্ষার্থী ইউনিফর্ম পরে উপস্থিত হয়েছে। অনেকের সঙ্গে এসেছেন অভিভাবকও। কয়েকজন যুবক শিক্ষার্থীদের লাইনে দাঁড় করার ব্যবস্থা করছেন। বিশিষ্ট অতিথিদের আসতে দেরি হবে শুনে আবার তারা লাইন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের মূল প্রবেশপথের দুই পাশে ফুলের থালা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় স্কাউটের পোশাক পরা স্কুলের কয়েকজন খুদে শিক্ষার্থীকে।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতি ক্লাসে বিজ্ঞপ্তি দেয় স্কুল কর্তৃপক্ষ। তাতে গতকাল বিকেল তিনটার মধ্যে সবাইকে স্কুলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। তবে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসার কারণ জানে না। ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘ম্যাডাম আসতে বলেছেন, তাই আসছি।...বলেছেন অনুষ্ঠান হবে।’ স্কুলে মেয়েকে নিয়ে এসেছিলেন একজন নারী অভিভাবক। ছুটির দিনেও কেন এ রকম অনুষ্ঠানের জন্য মেয়েকে নিয়ে এসেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘কী করব, এটা তো বাধ্যতামূলক।’ তবে স্কুলের সহকারী অধ্যক্ষ কাজী জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘কারও চাপে নয়, শিক্ষকদের সিদ্ধান্তের ভিত্তিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের আসতে বলা হয়েছে। আতিথেয়তা ও কিছু শেখার জন্য শিক্ষার্থীদের আনা হয়েছে।’ মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদের আনার বিষয়টা আমি সমর্থন করি না। পুলিশের পক্ষ থেকেও তাদের আনার ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।’