সিরাজগঞ্জে পুলিশের হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুই আসামি পালানোর ঘটনায় এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাককে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) আরও তিনজনকে।সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন: এএসআই শুকুর মাহমুদ, কনস্টেবল আবদুল মান্নান ও ফজলুল হক।গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী (৩৫) ও রকি খান (৩০) পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। হাসান মাদক ব্যবসায়ী এবং রকি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।ওসি আবদুর রাজ্জাকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, আসামি পলায়নের ঘটনায় এনায়েতপুর থানার ওসিকে প্রত্যাহার এবং তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক আসামিদের ধরার চেষ্টা চলছে।সূত্র জানায়, গত সোমবার বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে বেতিল চরের হাসান, মাদক সেবনের অভিযোগে খামার গ্রামের রঞ্জু শেখ (৩৫) এবং সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার রকিকে আটক করে। সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনন্দ কুমার বিশ্বাস হাসানকে দুই বছর এবং রঞ্জু ও রকিকে ছয় মাস করে কারাদণ্ড দেন। রাতেই বেলকুচি থেকে সিরাজগঞ্জ কারাগারে নেওয়ার পথে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামে পৌঁছালে হাসান ও রকি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। ওই সময় দুজনের হাতকড়া পরানো ছিল। পুলিশ অনেক খুঁজেও তাঁদের পায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনন্দ কুমার জানান, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ তিনজনকে সাজা দিয়ে কারাগারে পাঠাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।