থানার কক্ষে আসামির আত্মহত্যার অভিযোগ!

ডাকাতির ঘটনায় আটক মহসীন মিয়া (২৫) নামের এক ব্যক্তি আজ সোমবার সকালে নরসিংদীর শিবপুর মডেল থানায় একটি কক্ষে নিহত হয়েছেন। সেই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে মহসীনের একটি হাত হাতকড়া দিয়ে আটকানো থাকার পরও তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে মহসীনের পরিবারের দাবি, তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে।
একটি ডাকাতির ঘটনায় গত শনিবার রাতে উপজেলার বারোইগাঁও গ্রামে নিজের বাড়ি থেকে ঘুমন্ত মহসীনকে তুলে আটক করে নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শিবপুরে বারোইগাঁও এভারেস্ট কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সেখানকার দুই নৈশপ্রহরী তারা মিয়া ও আক্তারকে আটক করে। পরে তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী মহসীনকে গত শনিবার রাতে আটক করে পুলিশ। মহসীন তারা মিয়ার ভাইয়ের ছেলে। মহসীন একজন রাজমিস্ত্রি। দুই নৈশপ্রহরীকে থানাহাজতে রাখা হলেও মহসীনকে জিজ্ঞাসাবাদের জন্য ওই কক্ষে রাখা হয়।
মহসীনের পরিবার জানান, তাঁরা কোনো ডাকাতির খবর জানেন না। তারা মিয়ার সঙ্গে তাঁদের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে মহসীনকে ফাঁসানো হয়েছে।
মহসীনের বাবা সুলতান মিয়া অভিযোগ করেন, আমার ছেলেকে মারধর করবে না বলে থানার মুন্সি ৪০ হাজার টাকা দাবি করেন। এরপর গতকাল রাত ১১টায় তিনি এক হাজার টাকা দিয়ে আসেন। আর আজ বাকি টাকা দেবেন বলে জানিয়ে আসেন। এরপর রাত একটার দিকে পাঁচজন পুলিশ মহসীনকে নিয়ে বাড়িতে যায় এবং তাঁর ব্যবহূত মুঠোফোন ও মাফলার নিয়ে আসে। আজ সকালে মহসীনকে আদালতে চালান করে দেবে বলে পুলিশ জানিয়ে আসে।
আজ বেলা একটার দিকে সুলতান মিয়া থানার যাওয়ার পর তাঁকে জানানো হয় মহসীনকে নরসিংদী নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি বাসস্ট্যান্ডে গিয়ে শোনেন মহসীনের লাশ নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে মহসীনের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও দুটি ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, মহসীন একজন ডাকাত। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। হানিফ নামের এক কনস্টেবল দোতলার সেই কক্ষে থাকেন। সকালে হানিফ নিচে নামলে মহসীন এক হাতেই জানালার ওপরের দিকের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
গতকাল রাতে মহসীন জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করলে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। আর ঘটনাস্থল বাড়ির পাশে হওয়ায় মহসীন বাড়িতে গিয়ে তাঁর মুঠোফোন ও মাফলার নিয়ে আসেন।
এদিকে হানিফ আমাদের এই প্রতিনিধিকে জানান, ভোর ছয়টায় তিনি থানাহাজতে দায়িত্ব পালন করতে যান। অন্যদিকে টাকার বিষয়ে জানতে চাইলে মুন্সি শাখাওয়াত হোসেনকে পাওয়া যায়নি। তবে অন্য পুলিশ সদস্যরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহালে মহসীন আত্মহত্যা করেছেন বলে মনে হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছেন।